Saturday, January 31, 2026

এখনি সময়

 

 তোমাকে যেতে হবে।

 এখনই।

চমকে তাকালো ঊর্জা সামনের দিকে। গভীর মনোযোগ দিয়ে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল। গুরু গম্ভীর এ আদেশ যেন তার সকল মনোযোগ ছিন্ন করে দিয়েছে এক নিমিষে। 

কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছে না আশেপাশে। 

কার কন্ঠ? 

ঘর ভর্তি মানুষ। বিশাল ড্রইং  রুমে প্রচুর অতিথির সমাগম। তারই কোণায় টেবিল পাতা। খাবার সামগ্রী সাজানো থরে থরে। টেবিলের একপাশে ছোট্ট চেয়ারে বসে মাথা ঝুঁকে কাজ করছে ঊর্জা। কেইটরিং –এর কাজ নিয়েছে ।মাসখানেক হলো। আজ এই বাড়িতে অতিথি আপ্যায়নের দায়িত্ব। তার এই কাজ পেতে বেশ কষ্ট হলেও এই কয়েক মাসে বেশ সুনাম অর্জন করে ফেলেছে। ব্যবসা  সুনাম অর্জনের সাথে সাথে বেশ ভালোই চলছে। হিসাব নিকাশের কাজগুলো আরেকবার দেখছিল সে স্ক্রিনে চোখ রেখে। এমন সময় এরকম ভাবে কেউ বলছে, ‘যেতে হবে।‘ বেশ আদেশের সুর যেন কন্ঠে। কিন্তু কে কথা বলছে? আর কোথায় বা তাকে যেতে হবে ? 

স্ক্রিন থেকে মাথা তুলতেই অতিথিবৃন্দের মাঝে অরুণাভকে চোখে পড়লো।  অনেকদিনের চেনা অরুণাভ, তার বন্ধু ঠিক বলা যায় না, আবার পরিচয়ের যে গভীরতা, তাতে দূরের বলে, পর মনে করে, ‘অবন্ধু’ ভাবনাটাও মেনে নেওয়া যায় না। আসলে অরুণাভ যে তার কি, সে জানে না। বন্ধুও নয়, প্রিয়তম তো নয়ই - কোন অধিকারে তা বলবে? ভালো লাগে যদিও তাকে খুব । কিন্তু সেও তো বসে আছে বেশ দূরে । কাছাকাছি  কেউ বসেনি তার চারপাশে। 

কার কন্ঠ এটি তাহলে? 

কথাটা শোনার সাথে সাথেই শিরদাঁড়া  বেয়ে যেমন বিদ্যুৎ খেলে যায়, তেমনি গ্রীবা  আর স্কন্ধের মাঝ দিয়ে একটা বিদ্যুতের চমক অনুভব করল ঊর্জা। তাই ঘাড় তুলে তাকালো সামনে। কেউ নেই কোথাও। 

কে বলল অমন করে? 

ভাবতে ভাবতেই দেখলো, সামনে দাঁড়িয়ে আছেন সৌম্য, শান্তরূপে একজন অতি দীর্ঘকায়া সুপুরুষ। দেখেই মনে হয় যেন কোন শান্তির দেবদূত। যেন সেইন্ট  জার্মেইন। কে ইনি? হালকা হালকা ধোঁয়ার  ভেতর দিয়ে দেখা যায়, কি যায় না। অস্পষ্ট কুয়াশা কুয়াশা ভাব। কিন্তু জানালা বন্ধ এই ঘরে এই সন্ধ্যার সময় কুয়াশা আসবে কোথা থেকে?

 ঊর্জা একটু সচেতন হলো এবার। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তাকিয়ে আছে স্থির। আর দূর থেকে অরুণাভ দেখছে, ঊর্জা যেন কারো সাথে কথা বলছে আপন মনে। 

যাবে নাকি ঊর্জার কাছে আজ?  কখনো তো কথা বলেনি। দেখা হয়েছে কতবার। আজ কি দুর্বলতার পাশ কেটে ঊর্জার সামনে যেয়ে দাঁড়াবে?  জিজ্ঞাসা করবে, কেমন আছো তুমি ?

 ভাবতেই জানি কেমন স্থির হয়ে আসে অরুণভের কন্ঠ। শরীর স্থির হয়ে আসে।  আর ভাবতে পারে না কিছু। নিজেকে সচল করে রাখতে গিয়ে ঊর্জার কথা ভাবলেই তার কেন যে এমন হয়, সে বুঝে না। অথচ এই নিমন্ত্রণে এসে ঊর্জার দেখা পাবে, তা তার সাত কল্পনার বাইরে ছিল। ঊর্জা এখানে কেইটারার হিসেবে অনুষ্ঠান  তদারকির কাজ করছে – ঠিক তার সামনে। ভাবতেই জানি কেমন লাগছে অরুণাভের। প্রাণ ভরে দেখছে অরুণাভ তাকে। আশেপাশে আরো অনেক অতিথিরা এসেছেন। বসে গল্প শুরু করছেন। কিন্তু কোনদিকে অরুণাভের খেয়াল নেই। খেয়াল নেই তা ঠিক না, আসলে আশপাশ  তার আর আগ্রহের বিষয় মনে হচ্ছে না। সামনে যে ঊর্জা রয়েছে, তাকে দেখেই তার সবটুকু সময় যেন কেটে যাচ্ছে।

 অনুষ্ঠান শুরুর সময় দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা।  চলবে রাত নয়টা পর্যন্ত। সাতটা বাজতে অতিথিরা এসে পড়তে শুরু করেছেন। ঊর্জা  টেবিল সাজানো, খাবার আনা নেওয়ার তদারকির ভার নিয়েছে নিজেই। বিকেল চারটা থেকে কাজ শুরু করেছে ওরা। ব্যুফে সিস্টেমে, অতিথিদের ডাকলেই তারা এসে এসে খাবার নিয়ে যার যার মতো টেবিলে বসে যাবেন। সারাটা ঘর সাজানো হয়েছে সাদা রঙের থিম দিয়ে। এই ঘরটা যেন হালকা কুয়াশা ঘেরা লাগছে। তাই বোধহয়  সাদা থিমের প্রভাবে সামনে তাকাতেই ঊর্জা, কুয়াশার প্রলপের মাঝে কোন একজনের দর্শন যেন লাভ করলো। কিন্তু আবারো প্রশ্ন তার মনে, কে ইনি?

 এবার সেই কন্ঠস্বর। আদেশ নয়। কিন্তু ফেলে দেবার মতনও নয়। শুনতেই যেন হবে। ঊর্জা স্পষ্ট দেখতে পাচ্ছে এবার ওনাকে। সেইন্ট জার্মেইন স্বয়ং যেন তার সামনে।

 কিন্তু আসলে কি উনি?  এরকম অ্যাঞ্জেলিক সুপুরুষদের ছবি তো আমরা হরহামেশা  দেখি ইন্টারনেটে। আসলেই কি  তারা দেখতে এত দ্যুতিময় হয়? জানেনা ঊর্জা।

কিন্তু সে বিমোহিত। মোহগ্রস্ত। তাকালো আবার। কন্ঠস্বর বলে উঠলো, ‘তোমার যাওয়ার সময় হয়েছে। তোমায় যেতে হবে।‘ 

ঊর্জা এবার একটু যেন সচেতনতা ফিরে পেয়েছে। তাই জিজ্ঞেস করল দেবদূতরূপী সেই জনাকে, ‘কোথায় যেতে হবে?’ 

কি মায়া ভরা চোখ তাঁর। কি তীক্ষ্ণ সেই দৃষ্টি। কি প্রচন্ড মমতার ছোঁয়া। বলে উঠলেন, ‘তোমার যাওয়ার সময় হয়েছে। আমি তোমায় নিতে এসেছি। এখনি যেতে হবে।‘

 এবার ঊর্জার আর বুঝতে বাকি নেই। ইনি-ই ওর গার্ডিয়ান অ্যাঞ্জেল। তার আর সময় নেই এই ডাইমেনশনে থাকার । তার যে যেতেই হবে। কিন্তু এই ঘর ভরা মানুষের মাঝে নিমন্ত্রণ চলাকালীন সময়ে? অনুষ্ঠানের কি হবে?  সবাই যখন দেখবে ঘরের সেই বিশাল খাবার টেবিলের কোণায় মাথা নিচু করে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ( অজ্ঞান এজন্যই বলা, কারণ মৃত তো বলা যায় না হুট করে।) নাহ্  এই পরিবেশ তৈরি করতে  চায় না ঊর্জা। অথচ দেবদূতের তৎক্ষণাত আদেশ পরিবর্তন করে আরেকটু সময় কি সে পাবে না ? এইখানে এই কাজটা না হোক। বাইরে কোথাও।  অন্তত অরুণাভের সামনে নয়। অরুণাভ অনেকক্ষণ ধরেই দেখছে ঊর্জা স্ক্রিনের সামনের দিকে উপরে মাথা তুলে বিড়বিড় করে কারো সাথে কথা বলেই যাচ্ছে। কি হলো ঊর্জার আজ?  

এবার অনুরোধের পালা। ঊর্জা বিনয়ের সাথে আবদার করে ফেলল সেন্ট জার্মেইনকে। 

- ‘বাইরে যাই, এই ঘর ছেড়ে?’ 

- কোথায় যাবে? 

- হাসপাতাল তো কাছাকাছি নেই। তবে রাস্তার ওপারে একটা ফার্মেসি আছে। ওখানে যাব। অনুষ্ঠানের হোস্টকে বলার সময় তো পাবো না। আমার গ্রুপকে জানিয়ে যাব, যে ফার্মেসি যাচ্ছি ওষুধ আনতে। শরীর ভালো লাগছে না, বলা মিথ্যে বলা হবে। আমি কি ফার্মেসি পর্যন্ত যেতে পারি? আর কয়েকটা মিনিট সময় দিন। আমি স্থান ত্যাগ করতে চাই। এই ঘর থেকে বেরিয়ে যেতে চাই। আমি অরুণাভ-র সামনে নিশ্চুপ প্রাণহীন হয়ে পড়ে থাকতে চাই না। ও আমাকে ওভাবে দেখুক, তা আমি চাই না। 

সেইন্ট জার্মেইন কিছু বললেন না। 

ঊর্জা উঠে দাঁড়ালো। উঁচু চেয়ারগুলোর পাশ দিয়ে হেঁটে ঘর থেকে বের হওয়ার সময় পিছনে ফিরে তাকালো। অরুণাভকে আরেকবার দেখে নিল।  সেই তীক্ষ্ণ ব্যক্তিত্ব, অপরূপ মুখশ্রী, মন ভোলানো হাসি আর দুষ্টুমি ভরা কালো চোখ। আর দেখা পাবে কিনা জানে না ঊর্জা। 

এই দুনিয়া ছেড়ে  ঊর্জা কোথায় যাবে তা তার জানা নেই। গন্তব্যহীন, ঠিকানা বিহীন যাত্রা। কিন্তু তার কাছে ঠিকানা না থাকলেও সেইন্ট জার্মেইন তা জানেন। তার দায়িত্বে, তার গাইডেন্সে ঊর্জার ‘এক্সিট’ হয়ে যাবে। এখন। ঠিক এখন। 

২

 রাত প্রায় আটটা। শীতের সময়য় অনেক রাত। ঊর্জা হাঁটতে হাঁটতে চলে এসেছে ফার্মেসির দরজায়। দরজার সামনে আরেকজন কেউ দাঁড়িয়ে আছেন। ঊর্জা তাকে চেনে না। তিনিও দীর্ঘকায়া সুদর্শন, সুপুরুষ। ঊর্জা হেঁটে ঢুকছে ফার্মেসির দরজা দিয়ে। কুয়াশা ঘেরা মেঠো পথ যেন সামনে । দুপাশে দুজন অ্যাঞ্জেল তার সাথে হেঁটে যাচ্ছেন। তাকে যে  যেতেই হবে। এখনই সময়। আর একটুও পরে নয়। ঘন্টাখানিক আগেও নয়। 

ঊর্জা চলছে। একাকী? 

না।

সাথে দুজন গাইড আছেন। 

অরুণাভ আজ আসবে বলে কেইটারিং –এর কাজটা সমাপ্ত করা পর্যন্ত সে ওখানে ছিল। হয়তোবা ভাগ্যেই লেখা ছিল। কাজ যখন শেষ হলো তখন ওর  দায়িত্ব শেষ। যাবার সময় । অনুষ্ঠান থেকে নয়। এই দুনিয়াদারি থেকে। 

৩

ফার্মেসিতে কেইটারিং –এর কোন এক কর্মী প্রবেশ করার পথেই চেতনাহীন হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নেবার ব্যবস্থা করা হয়। 

অনুষ্ঠান থেকে ঊর্জা কেন চলে গেল তা দেখবার প্রয়োজন তো অভ্যাগত অতিথিদের ছিল না। শুধু অরুণাভ তার সকল মনোযোগটুকু দিয়ে ওকে ঘরের বাইরে চলে যেতে দেখেছে। তাদের কেইটারিং এর কত কাজই না থাকে, বিশেষ করে হল –ঘরের পেছনের কিচেনে। কিন্তু সামনের দিকের দরজা দিয়ে ঊর্জা বের হয়েছে। যাবার বেলায় অরুণাভকে এক ঝলক দেখেছেও। শান্ত, স্থির ভঙ্গিতে ঊর্জা হলঘর প্রস্থান করেছে। সন্ধ্যে আটটার দিকে। এখন অনুষ্ঠান প্রায় শেষ। কিন্তু ঊর্জা এখনো তার ডেস্কে ফেরেনি। অরুণাভ চলে যাবে দশটার দিকে। 

অনুষ্ঠান শেষ হলে আর কেনই-বা এই হলঘরে একা একা বসে থাকবে? কার জন্যই বা অপেক্ষা করবে ? ঊর্জা তো বাইরে গিয়েছে। সে তো এখানে নেই। আসবে কিনা জানেও না। কথা বলাই যে হয়নি কখনো, তার সাথে।


Monday, January 26, 2026

বাড়ির পথ


 ১

টরোন্টো শহরের উঁচু উঁচু ত্রিশ, পয়ঁত্রিশ তলা বিল্ডিংগুলোকে এক সারিতে পাশাপাশি দাঁড় করালে যতটুকু জায়গা লাগে ততটুকু বিস্তৃত জায়গা জুড়ে এই কমিউনিটি, যেখানে আমি থাকি। কিন্তু কোন শহর তা বুঝতে পারছিনা। স্বপ্ন তো সবসময়সবকিছু স্পষ্ট হয়না। তবে ইউরোপের কোন শহর হবে। বিল্ডিং -এর সামনে ফুলের বাগান। বাগানের পাশ দিয়ে হেঁটে এসে বেশ কিছুদূর এগিয়ে পিছনে ফিরে তাকালে সুদৃশ্য ধূসর সাদা বর্ণের সেই বিল্ডিংটি দেখা যায়। টরোন্টো শহরের অন্তত চার পাঁচটা বিল্ডিং সারিবদ্ধ করে সাজালে যেরকম বিশাল জায়গা নেবে, তার সমান জায়গা নিয়ে একটা বিশাল হাউজিং এস্টেট  গড়ে উঠেছে। এখানেই আমি থাকি। কিন্তু তারপরও আমি চিনতে পারছি না, এ কোন শহর। বিল্ডিং থেকে বের হয়ে বেশ কিছুদূর এগিয়ে দেখলাম সামনে গোলাকার ফুলের বাগান। বড় বড় ক্যাকটাস আর হরেক রকমের ফুলে সজ্জিত বাগানটি পাথর দিয়ে ঘেরাও করে বাঁধাই করা।  


আরো সামনে এগুলাম । হেঁটে হেঁটে এগিয়ে দেখি সামনে আর পথ নেই। পথ যেন শেষ! অর্থাৎ বুঝতে পারছি, এ পাড়ায় আমি নতুন এসেছি, তাই পথ ঘাট  বেশি একটা চিনি না।  আরেকটু  সামনের দিকে যেয়ে দেখতে চেষ্টা করলাম কিসের কাজ হচ্ছে। সামনে পথ কেন বন্ধ? দেখি, পথের শেষে কনস্ট্রাকশনের কাজ চলছে। কাঁচা মাটিতে ভরা সামনের জমিটুকু। কাঁচা মাটির অংশ সোজা চলে গেছে অনেকদূর। পাশে একটা ট্রাক্টর আছে।তার চাকার গভীর দাগ মাটিতে গেঁথে আছে। আর পাশে  বিশাল ফসলের ক্ষেত। যতদূর চোখ যায় দিগন্ত জুড়ে শুধু ফসলে ভরা বিস্তৃত মাঠ। আমাদের দেশের ধানের চাষ হচ্ছে না।  তাই নিশ্চিত এ জায়গা অন্য কোথাও।  ফসলের মাঠ ভর্তি বড় বড় পাতার গাছ। ভুট্টা ক্ষেত হতে পারে। ফসল ফলানোর কাজ করার জন্যই  ওই ট্রাক্টর এখানে রাখা হয়েছে ঐ ক্ষেতেরই পাশ দিয। আমার রাস্তার শেষ বরাবর সামনের অংশ কাঁচা মাটির অঞ্চল জুড়ে  চলছে রাস্তা বানানোর কাজ। সেখানে কাদা মাটিতে একাকার। কাদা ভরা জায়গার ওপর বেশ কয়েকটা ট্রাক ভর্তি করে কন্সট্রাকশানের সরঞ্জাম রাখা  হয়েছে। নরম মাটিতে ভরা জায়গাটির  ওই পাড়ে, বেশ দূরে রেল লাইনের ট্র্যাক দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গায়, বিশাল ফসলের ক্ষেতের পাশ দিয়ে রেলপথ ছিল বহু, বহু বছর আগে। এই অংশে নতুন রাস্তাটুকু তৈরি হয়ে আমার কমিউনিটির সাথে যুক্ত হবে। 


ফসলের ক্ষেতের দিকে আবারো তাকালাম। সূর্য অস্ত যাচ্ছে প্রায়। পড়ন্ত সূর্যের নরম আলো এসে পড়েছে ফসলের মাঠ জুড়ে।  সোনালী- লাল কাদামাটি ভরা রাস্তাটা অপূর্ব দেখাচ্ছে। একটু ভালো করে খেয়াল করতেই  দেখি আমার ছোটবেলার বন্ধু সুমনা দাঁড়িয়ে আছে ঠিক আমার সামনে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে।

ও এলো কথা থেকে? 

এখানে কেন?

এখান থেকে কোথায় যাবে ও? এখানে যে রাস্তা শেষ। 

এই দুই রাস্তার মাঝে কেন দাঁড়িয়ে একাকী? যেহেতু কাঁচা রাস্তা শুরু হয়েছে , তার তো সামনে যাবার কোন উপায় নেই। 

হঠাৎ  মনে পড়লো আমি তো তাকে একটু আগেই দেখেছি আমার  বিল্ডিং -এর কাঁচে ঘেরা রিসেপশানে । ওর কি যেন একটা কাজ ছিল । কারো সাথে কথা বলছিল। আমি দেখেছিলাম ওকে ওখান থেকে বের হতে । 

সুমনা আমার সাথেই এতক্ষণ ধরে  হেঁটে হেঁটে এ পর্যন্ত এসেছে। আমি তো আশপাশ দেখতে ব্যস্ত। আমি এতদূর পর্যন্ত হেঁটে এসেছি যেমন, সেও এখানে এসেছে তেমন।  কিন্তু বুঝে উঠতে পারছি না, ও এখান থেকে কোথায় যাবে? 

ভাবনাটা বার বার আসছে। সামনে তো রাস্তা নেই । রাস্তার কাজ চলছে। কোন ভাবেই এটা হেঁটে যাবার  রাস্তা নয়। আর এই কাদা পেরিয়ে কোন বড় রাস্তা নেই বা কোন জনবসতিও নেই ওদিকে । খালি গাছে ঘেরা জংগল। 

তাহলে সুমনা যাবে কোথায়?

ভাবতে ভাবতেই শুনলাম সুমনার আব্বার কন্ঠ। আঙ্কেল এসেছেন ওকে নিতে। ফসলের মাঠ পেরিয়ে দিগন্ত ঘেঁষে ওই যে দূরের গ্রাম, সেখান হতে  আংকেল  এসেছেন এতদূর  হেঁটে, সুমনাকে নিতে। অর্থাৎ স্বপ্নের মাঝে এবার  আমি বুঝলাম, ঐ গ্রামে ওনারা থাকেন।

 

সন্ধ্যা হয়ে আসছে।এখন বাড়ি ফেরার সময়। এত দূর হেঁটে এসে  জমির নীচু স্থানে দাঁড়িয়েছেন আংকেল। মুখে হাসি। সুমনাকে বললেন, ‘তুমি যাবে না?’ 

আমি নিশ্চিন্ত হলাম এবার। 

নিশ্চিন্ত হলাম এই ভেবে যে, এই নির্জন রাস্তার মোড়ে সুমনাকে একা রেখে যেতে হচ্ছে না।  আমার যাবার  পথ তো এখানেই শেষ।  আমাকে ফেরৎ যেতে হবে পেছনে ফেলে আসা রাস্তা ধরে ঐ অ্যাপার্টমেন্টে, যেখানে আমি থাকি।  তাই সে আংকেলের সাথে চলে যাবার বেলায় আমি বললাম, ‘এরপর তুমি যেদিন এই জায়গায় আসবে, আসলেই আমাকে খবর দেবে। আমি ঠিক এখানে এসে তোমার সাথে দেখা করবো।‘  

সুমনা মাথা নাড়লো। কোন কথা বললো না। 

চারদিকে তাকালাম আবার। সত্যিই জায়গাটা খুব নির্জন।  দুটো পথ চলে গেছে দুই দিকে। একটা সামনের দিকে কাদা মাটিতে ভরা কাঁচা পথ।  যেখানে পথ শেষ।  যাবার কোনো উপায় নেই।  আরেকটা আমার পিছনে ফিরে আসা পাকা রাস্তা। এবার আমি  বাড়ির দিকে রওনা দিলাম। এখন চারিদিকে আলো কমে এসেছে। হেঁটে হেঁটে গোলাকার ফুলের বাগানের পাশে এসে কোন দিকে যাব ভাবলাম।  গোল চত্বরের বাঁ পাশে তাকিয়ে দেখি উঁচু পাহাড়ে ঘেরা অন্ধকার জঙ্গল আর  ডান দিকে দিয়ে ঘুরে গেলে আমার বাড়ির পথ, যেখানে আমি থাকি।


অথচ ছোটবেলায় সুমনারা আর আমরা তো একই বিল্ডিং -এ থাকতাম।  চারতলা উচু বিল্ডিং তখন কি বিশাল মনে হতো। পাড়ার ভেতর দিয়ে বিল্ডিং –এর সামনে হাঁটার রাস্তার ছিল। পাশে ছোট ছোট সবুজ মাঠ।  মাঠের পাশে আঁকা বাঁকা হাঁটার পথে  সুমনার হাতের ভেতর হাত পুরে গল্প করতে করতে চলে যেতাম অজান্তে রাস্তার মাঝ বরাবর।  আর, ও আমার  হাত টেনে আমাকে রাস্তার পাশে  টেনে নিয়ে আসতো। বলতো, ‘আপনি রাস্তার মাঝে চলে যাচ্ছেন কেন, রাস্তার পাশে আসেন।‘ 

ও আমাকে আপনি করে বলতো।  আমি বছর পাঁচেকের বড় ওর থেকে। ওর বয়স  চার । ও  স্কুলে ভর্তি হয়নি । সামনের বছর স্কুলে যাবে । কিন্তু কখনো মনে হয়নি আমরা খুব ছোট্ট ।  এখন তো ভাবলে অবাক লাগে, চার দশক আগে আমরা তো ছোট্ট শিশু ছিলাম।  

কিন্তু তখন কেন এমন মনে হয়নি?  কারণটা এখন বুঝি। আত্মার তো কোন বয়স নেই। তাই  আমার ভেতরের  আত্মা যখন সুমনা কে আরেকটা আত্মা হিসেবে দেখেছে , সে বয়স বিচার করেনি। আমরা  ,  শিশু না  বৃদ্ধ – এসব চিন্তা তাই মাথায় আসেনি।  পাঁচ দশক পর পিছনের সেই স্মৃতি মনে করে এখন ভাবি আমাদের জীবনের চলার পথ যে তখন মাত্র শুরু হচ্ছে তা কি আমরা জানতাম?  আমার চলার পথে  আমি এত ছোটবেলা থেকে ওর সংস্পর্শে পেয়েছি?

 

আমাদের চারতলা বিল্ডিং -এর প্রথম তলার প্রথম বাসাটা ছিল ওদের। ওদের বারান্দার সামনের পাকা চত্বরে একা দোক্কা খেলতাম। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এর পোর্টিকোর অংশকে ‘ডাঙ্গা’ বানিয়ে ‘কুমির তোর জলে নেমেছি’ খেলতে খেলতে   তৃষ্ণার্ত হয়ে গেলে সুমনাদের বাসায় বেল বাজাতাম পানি খাবো বলে।বেল বাজালে বাবুল দরজা খুলে দিত।  পাড়ার সকল বাচ্চারা মিলে  যেতাম ওদের বাসায় পানি খেতে।

আবার খেলা শুরু হতো। কত খেলা না খেলেছি।  বরফ -পানি, ছি বুড়ি, ওপেন-টি বাইস্কোপ আরো কত কি।আমাদের দলের  সবার বয়স তখন চার। আমার একটু বেশী । ক্লাস ফোরে-এ পড়ি।  আমি সবার বড়। আমাকে কি যে ভালবাসতো সকলে। ঈদের দিনে দল বেঁধে বের হয়ে এর বাড়ি , ওর বাড়ি ঘোরাঘুরি করতাম সারা পাড়া জুড়ে। কত যে আনন্দ!  আমরা পাড়ার বাচ্চারা সকলে যেন আত্মার আত্মীয়। আজ ভাবি  কিভাবে সম্ভব হয়েছিল একে অপরের সাথে একই জায়গায় জড়ো হয়ে  খেলার সাথী হওয়া?  সোজা উত্তর। বাবাদের চাকুরী সূত্রে এক জায়গায় হওয়া বাবদ। আবার সময়ের প্রবাহে একেক জন  ছিটকে দূরে চলে গিয়েছি।   

১৯৮০- এর পরে তিন দশক দীর্ঘ  সময়।এই সমটুকু পার করে ফেসবুক – এর কল্যাণে  আমাদের পাড়ার সকলের একটি ফেসবুক গ্রুপ তৈরি হলো।  যেখানে  ভার্চুয়ালি আবার সংযুক্ত হলাম। 


কিন্তু জীবনে একে অপরের সাথে সাক্ষাত বা সংযোগের যে আরেকটা হিসাব থাকে। জীবনের হিসাব। জীবনের বাঁকে মোড় নেবার সময়  দুটি অজানা পথের সংযোগস্থলে দেখা হবার হিসাব। জীবন যে একটা পথ। জীবন – চলার পথে কখনো  কখনো আমাদের এক জায়গায় নির্দিষ্ট করে রাখে, আবার  কোন এক  সময়ে, দূরেও সরিয়ে দেয়, পথ চলার  প্রয়োজনে।  চলতে চলতে অলিগলি পেরিয়ে দেখা হয়ে গেলে পুরোনো স্মৃতি বেদনার জন্ম দেয় আবার স্মৃতি মধুরও হয়।

 

২

সন্ধ্যা ঘনিয়ে এসেছিল তখন।  

তাহলে সুমনা কি একা থাকবে এই নির্জন মোড়ে? স্বপ্নে তৈরি হয়েছিল সেই উৎকন্ঠা। শুধু  মনে মনে একটা কথাই ভাবছিলাম যে, সামনে তো পথ নেই আর। এবার  আমি এও বুঝতে পারলাম আমি এসেছি এখানে, শুধুমাত্র ওকে বিদায় দিতে। সুমনার বাড়ির রাস্তা দিগন্ত ঘেঁষা ঐ গ্রামে, ফসলী জমির আল ধরে। এটা কোন্‌ গ্রাম আমি চিনতে পারছি না। কিন্তু ইউরোপের কোন এক জায়গা হবে এ ব্যাপারে আমি নিশ্চিত।

সন্ধ্যা যেন বাড়ি ফেরার সময়। 

ফসলি জমি পেরিয়ে চলে যাবে ও, ওই দূর গ্রামে। অনেক খানি পথ। যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। শুধু ভাবছিলাম, আমার ছোটবেলার  বন্ধুকে ফেলে রেখে যাব? 

আমি সুমনাকে কোন ভাবেই ওই নির্জন রাস্তার মোড়ে একাকী রেখে আসতে চাইছিলাম না । আংকেল না এলে আমি ঠাঁয় দাঁড়িয়ে থাকতাম তার মাঠ পেরোনো পর্যন্ত। ওর বাড়ি না ফেরা অব্দি।  


সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়ি ফেরার সময় হয়। তেমনি জীবনের চলার পথেও সন্ধ্যা  নেমে এলে, চলার পথের সংগীদের পথ আলাদা হয়ে যায়। বাড়ি ফেরার জন্য  যার যে পথ, তাকে তা বেছে নিতে হয়।  

সকলের গন্তব্য তো এক হয় না। 

একটা পথ হেঁটে যেতে যেতে, কাঁচা সড়কের পাশে এসে থেমে যায়। তখন  পিছনে ফিরে এসে অন্য পথ ধরতে হয়। আরেকটা পথ গ্রামের ফসলী জমি পেরিয়ে দিগন্তের সীমানায় স্থিত দূর গ্রামের সাথে মিশে যায়। জমির আইল ধরে ধরে হেঁটে যেতে হয় ইয়র্কশ্যায়ারের ঐ দূর গ্রামে।  

.........

২৬/০১/২৬

Wednesday, January 21, 2026

ডোগন ও সিরিয়াস নক্ষত্রমন্ডলী

 ধূসর সাহারা মরুভূমির পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি দেশ নাইজার। নাইজারের দক্ষিণে মালি নামক এক মালভূমিতে বাস করে ডোগন (Dogon) নামক এক জাতিগোষ্ঠী। বহুকাল আগে থেকেই স্থাপত্য আর ভাস্কর্যে এদের অসাধারণ শিল্পমন্ডিত নকশা শৈলীর নিদর্শন পাওয়া যায়। সাহারার সেই দুরবর্তী এক মালভূমির মাঝে লুকিয়ে থাকা এই সুসভ্য আদিবাসীরা আধুনিক  সভ্যতা থেকে  দূরে থেকেও শিল্পকলার যে নিখুঁত ধারণা আর মুখোশ তৈরির যে নকশা অংকন করেছে তা বর্তমান সময়ে সমগ্র বিশ্ববাসীকে বিস্মিত করেছে। আরোও অবাককর বিষয় হলো তাদের জ্যোর্তিবিজ্ঞানের ওপর আগাধ জ্ঞান এবং বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি রহস্যের ওপর সুনির্দিষ্ট মতাদর্শন। মানমন্দির এর যন্ত্রপাতি বা যৎসামান্য দূরবীন না থাকা সত্ত্বেও ঐ দূর আকাশে অবস্থিত লুব্ধক বা Sirius (সিরিয়াস) নক্ষত্রমন্ডলীর সঠিক  অবস্থান ও গঠন সম্পর্কে তাদের সঠিক গাণিতিক হিসাবও চমকপ্রদ। ডোগন সমাজ ব্যবস্থায় যারা যাজক শ্রেণির উপাধিপ্রাপ্ত তারাই বংশা্নুক্রমে জ্যোর্তিবিজ্ঞানে বিষয়ে পারদর্শীতা লাভ করে থাকেন । 

ডোগনদের মতে ৮.৬ আলোকবর্ষ দূরে অবস্থিত সিরিয়াস নক্ষত্রমন্ডলী একটি বাইনারি স্টার সিস্টেম যেখানে দুটি নক্ষত্র একে অপরকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে সর্বদা ঘূর্ণায়মান। নিজ অক্ষে ঘূর্ণায়মান Sirius –A নক্ষত্রটি আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র । এর ভর আমাদের সূর্যের দ্বিগুন। একে ঘিরে তার সহচর নক্ষত্র Sirius –B এর  আহ্নিক গতির গাণিতিক হিসাবেও ডোগনরা সঠিক ভাবে জ্ঞাত। আধুনিক বিশ্বের সাথে সংস্পর্শহীন এই ডোগন আদিবাসীরা খ্রীস্টপূর্ব তিনহাজার দুইশত বছর পূর্ব থেকেই  কিভাবে এসব তথ্য জানলো তা ভেবে  অবাক হয়েছেন পর্যটকরা এবং কালক্রমে জোর্তিবিজ্ঞানীর দলও। কারণ আধুনিক সভ্যতায় নভোমন্ডলে  Sirius –A এর অবস্থান সনাক্ত হয়েছে খ্রীস্ট জন্মেরও এক হাজার আটশত (১৮০০) বছর পর এবং  ১৯৭০ খ্রীস্টাব্দে এর চিত্র সম্বলিত তথ্য সংগৃহীত হয়েছে। 

ডোগনরা শনি গ্রহের বলয় সম্পর্কিত তথ্যাদি দ্বারা পুরো রকমে জ্ঞাত আছে। তারা জানে  সিরিয়াস –বি  একটি বামন নক্ষত্র এবং এই বাইনারি স্টার সিস্টেমটি তাদের পূর্ণ ঘূর্ণন সমাপ্ত করতে ৫০ বছর কাল ক্ষেপন করে।  তাই ডোগনদের পুরানো ইতিহাস জানতে তৎপর হয়ে উঠলেন গবেষকেরা। ডোগন সমাজের বয়োজেষ্ঠ্য জ্ঞানী গুরুজনদের নিকট হতে এলো চমকপ্রদ তথ্য। তাদের মতে সিরিয়াস নক্ষত্র মন্ডলী থেকে আগত মাছের মতন উভচর মানব সদৃশ ET বা এক্সট্রা টেরেস্ট্রিয়ালদের আগমনের সূত্র ধরেই তাদের কাছে এসকল তথ্যভান্ডারের উন্মোচন ঘটেছে আজ থেকে খ্রীস্টপূর্ব তিনহাজার বছর আগে। বৈশিষ্ট্যের দিক দিয়ে এই সব ET- রা উভচর বলেই জলে চলাচলে সক্ষম। তাই ডোগনদের কাছে এরা জল–দেবতা  বা Master of water নামে অভিহিত। তদের  আগমনের পরে এই সকল এক্সট্রা টেরেস্ট্রিয়ালরা ছিল ডোগন উপজাতির  শিক্ষক এবং পথ প্রদর্শক। ডোগনরা তাদের ভাষায় এই ETদেরকে নম্মোস (Nommos) বলে সম্বোধন করে।  ডোগনরা মনে করে অদূর ভবিষ্যতে  এসকল এক্সট্রা টেরেস্ট্রিয়ালরা আবার আসবে মানব জাতির মাঝে জ্ঞানের আলো ছড়াতে।   

আমাদের সূর্যকেন্দ্রিক সৌর জগতের ধারণা ও গঠন সম্পর্কে তথ্য, বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহের বৈশিষ্ট্য ও নভোমন্ডলে এদের অবস্থান এবং উপবৃত্তাকার পথে গ্রহসমূহের গতিপথের ধরণ সম্বলিত চিত্রশিল্প আবিষ্কার হয়েছে ডোগনদের গুহার দেয়ালে অংকিত চিত্রলিপিতে। সুতরাং এই বিশ্ব ব্রহ্মান্ডে মানব সভ্যতা বাদে অতি অগ্রসরমান কোন সভ্যতা উপস্থিত আছে কি নাই, তা প্রমাণ সাপেক্ষ হলেও, ডোগন সমাজের মাঝে এদের উপস্থিতি এবং যোগাযোগ আমাদের কাছে অবাক করার মতন বিষয়। নয় কি? 

Mystry Babylon

Monday, January 19, 2026

Origin of Iron in the Quran


Ref.: Iron from supernova The Quran tells us in verse 25 of Surah Hadeed (Iron) “…And We sent down iron, wherein there is awesome power and many benefits for people,…”.

Science tells us that iron that exists on Earth today originated from supernova explosions (millions of light years away in space) that occurred billions of years ago. During a supernova explosion, massive stars undergo a catastrophic collapse, which releases a tremendous amount of energy and heavy elements into space. 

This process is thought to be responsible for the formation of many of the elements in the periodic table, including iron. After the formation of the solar system, asteroids and comets collided with the early Earth, bringing iron and other elements to the planet’s surface… 

SubhanAllah (Glory to be Allah), it’s quite amazing that in this verse, Allah used the words “SENT DOWN”.

Iron’s most stable isotope has an atomic mass number of 57. (The atomic mass number, which is also called the mass number, is the total number of protons and neutrons in the nucleus of an atom.) Surah Hadeed (Chapter of Iron) is number 57 in the Quran. It’s also amazing that it’s right in the middle of the Quran (57 is half of 114, which the total number of chapters of the Quran). Iron is at the core/center of the earth and is responsible for earth’s rotation and to keep it stable because of its magnetic field.


২২ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫০

ড. আম=লী বলেছেনঃ  ধন্যবাদ আবার এসে প্রাসঙ্গিক লিংকটি যুক্ত করে দেয়ার জন্য । লিংকটি ফলো করে তা মনযোগ দিয়ে পাঠ করে এলাম। আমরা সকলেই জানি কুরআন মানবজাতির জন্য নৈতিক ও আত্মিক নির্দেশনার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।

সূরা হাদীদ ( কোরানে থাকা৫৭ তম সুরা) বিশেষভাবে লোহা এবং তার সামাজিক ও নৈতিক প্রভাবকে নির্দেশ করে। সূরা হাদীদ এর ২৫ নম্বর আয়াতাংশে আল্লাহ তাআলা বলেনঃ ...আর আমরা লোহা নাযিল করেছি; এতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু উপকার…(সূরা হাদীদ: ২৫)

আধুনিক সময়ে আপনার দেয়া লিংকে থাকা তাফসির সহ অনেকেই এই আয়াতকে ভিত্তি করে বলেন যে, কুরআন এখানে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের একটি বৈজ্ঞানিক অলৌকিকতা প্রকাশ করেছে; কারণ আধুনিক বিজ্ঞান মতে পৃথিবীর লোহা নাকি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশ থেকে এসেছে, আর কুরআনে একে ‘নাযিল করা বা “sent down” শব্দ ব্যবহার করেছে।

অলোচ্য বিজ্ঞ তাফসিরকারের প্রতি যথাযোগ্য সস্মান দিয়েই বলছি এই দাবিটি বিশ্লেষণ করার সময় আমাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদা করে বোঝা জরুরি।

প্রথমত sent down তথা নাযিল করা শব্দটি শুধু আকাশ থেকে ভৌত বস্তু নামানোর অর্থে ব্যবহৃত হয় না। বরং এটি বহুলভাবে ব্যবহৃত হয়েছে নিয়ামত দান করা বোঝাতে,ব্যবস্থার সূচনা করা বোঝাতে, মানুষের জন্য উপযোগী করে দেওয়া বোঝাতে।উদাহরণস্বরূপ বলা যায় কুরআনে বলা হয়েছে, -আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি ( সূরা আল আ‘রাফ আয়াতঃ ২৬ , অথচ পোশাক আকাশ থেকে পড়েনি।

বলা হয়েছে, -চতুষ্পদ জন্তু নাযিল করেছি-( সূরা আজ জুমার আয়াত ৬ ) পশুও আকাশ থেকে আসেনি। অতএব, লোহা নাযিল করেছি মানে এই দাবি করা বাধ্যতামূলক নয় যে লোহা আক্ষরিক অর্থে আকাশ থেকে পতিত হয়েছে; বরং অর্থ হতে পারে লোহাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি ও প্রাপ্য করে দিয়েছেন।

লোহা বিষয়ে আধুনিক বিজ্ঞান বলে যে- ভারী মৌল (যেমন লোহা) সুপারনোভা বিস্ফোরণে তৈরি হয় ,পরে তা পৃথিবীর গঠনের অংশ হয়েছে ।এটি বর্তমানে একটি স্বীকৃত বৈজ্ঞানিক তত্ত্ব, কিন্তু বিজ্ঞান নিজেই পরিবর্তনশীল। ইতিহাসে বহু নিশ্চিত তত্ত্ব পরে সংশোধিত বা বাতিল হয়েছে।

সমস্যা তখনই তৈরি হয়, যখন আমরা কুরআনের আয়াতকে কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে একেবারে একীভূত করে ফেলি। যদি বিজ্ঞানের অগ্রগতির সাথে ভবিষ্যতে সেই তত্ত্ব বদলে যায়, তবে মানুষ ভাবতে পারে কুরআন ভুল! অথচ ভুল ছিল আমাদের ব্যাখ্যায়।

সূরা হাদীদের মূল উদ্দেশ্য বা আলোচ্য বিষয় বিজ্ঞান নয়, বরং নবীদের প্রেরণ,ন্যায়বিচার প্রতিষ্ঠা, শক্তি ও ক্ষমতার নৈতিক ব্যবহার, লোহার মাধ্যমে সভ্যতা, প্রতিরক্ষা ও ইনসাফ কায়েম। লোহা এখানে ক্ষমতা ও শক্তির প্রতীক; এটি দিয়ে যেমন জুলুম হয়, তেমনি এটি দিয়েই ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন,এই শক্তির উৎস মানুষ নয়, বরং আল্লাহ।

তবে এ কথা বলাও ঠিক নয় যে এখানে কোনো বিস্ময় নেই। বিস্ময় হলো কুরআন ১৪০০ বছর আগে লোহাকে মানুষের সভ্যতার কেন্দ্রে স্থাপন করেছে,শক্তি ও কল্যাণ দুই দিকই একসঙ্গে উল্লেখ করেছে, বস্তুগত শক্তির সঙ্গে নৈতিক দায়িত্বকে যুক্ত করেছে কিন্তু এই বিস্ময়কে বৈজ্ঞানিক মিরাকলে রূপ দেওয়া কুরআনের গভীর উদ্দেশ্যকে আড়াল করে ।মুল কথা হল কুরআন কোনো বিজ্ঞান বই নয়, কুরআনের ভাষা বহুমাত্রিক Sent down বা নাযিল করা শব্দটি কেবল আকাশ থেকে পতনের অর্থে সীমাবদ্ধ নয়।

বিজ্ঞান কুরআনের সত্যতা যাচাইয়ের মানদণ্ড নয় বরং কুরআন মানুষকে চিন্তা, নৈতিকতা ও দায়িত্ববোধে উন্নীত করার গ্রন্থ ,আসল মিরাকল হলো কুরআন নীজেই ।

আলোচনার সাথে প্রামাণ্য ইসলামী তাফসির (ইবন কাসীর, ইমাম ফখরুদ্দীন রাযী, কুরতুবী প্রমুখ) যুক্ত করা প্রাসঙ্গিক মনে করছি । এতে স্পষ্ট বোঝা যাবে ক্লাসিক্যাল স্কলাররা এই আয়াতকে কীভাবে বুঝেছেন এবং scientific miracle দাবির সাথে তার সম্পর্ক কোথায় সীমাবদ্ধ।

সূরা হাদীদ এর সম্পুর্ণ ২৫ নং আয়াতে বলা হয়েছে  ---নিশ্চয়ই আমরা আমাদের রাসূলদের পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণসহ, এবং তাদের সাথে নাযিল করেছি কিতাব ও মীযান, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। আর আমরা লোহা নাযিল করেছি তাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু উপকার; এবং যাতে আল্লাহ প্রকাশ করে দেন কে তাঁকে ও তাঁর রাসূলদের অদৃশ্য অবস্থায় সাহায্য করে।(সূরা হাদীদ- ২৫)

প্রখ্যাত তাফসিরকার ইমাম ইবন কাসীর (রহ.) তাঁর তাফসিরুল কুরআনিল আযীম-এ বলেন লোহা নাযিল করা বলতে বোঝানো হয়েছে; আল্লাহ লোহাকে সৃষ্টি করেছেন এবং মানুষের ব্যবহারযোগ্য করে দিয়েছেন লোহার প্রচণ্ড শক্তি বলতে তিনি উল্লেখ করেন অস্ত্র,যুদ্ধসামগ্রী প্রতিরক্ষা ও শাস্তি কার্যকর করার উপকরণ হিসাবে।

ইবন কাসীর স্পষ্টভাবে বলেন, লোহা দ্বারা আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার উপকরণ সৃষ্টি করেছেন, যেমন তলোয়ার যা কখনো ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম, আবার কখনো মানুষের জন্য পরীক্ষা।

লক্ষ্যণীয় বিষয় ইবন কাসীর কোথাও বলেননি যে লোহা আক্ষরিকভাবে আকাশ থেকে নেমে এসেছে। তাঁর দৃষ্টি ছিল সামাজিক ও নৈতিক ব্যবস্থার দিকে।

ইমাম ফখরুদ্দীন রাযী (রহ.) তাঁর  মাফাতিহুল গাইব (তাফসিরে কাবীর)-এ এই আয়াত নিয়ে অত্যন্ত দার্শনিক আলোচনা করেছেন।তিনি বলেন কিতাব ও মীযান (বিধান ও ন্যায়নীতি) যথেষ্ট না হলে সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য ক্ষমতা (লোহা) অপরিহার্য । রাযী বলেন মানুষ কেবল যুক্তি দিয়ে নয়,কখনো কখনো শক্তি দিয়েও ন্যায় প্রতিষ্ঠা করতে বাধ্য হয়।

তিনি লোহার দুটি দিক উল্লেখ করেন যথাবাহ্যিক শক্তি (যুদ্ধ, প্রতিরক্ষা),উপকারিতা (কৃষি, নির্মাণ, সভ্যতা), রাযীর দৃষ্টিতে আয়াতটি মূলত রাজনীতি, সমাজ ও ন্যায়বিচারের দর্শন।

ইমাম কুরতুবী (রহ.) তাঁর আল-জামি‘ লি আহকামিল কুরআন-এ বলেন, লোহা হচ্ছে মানুষের জন্য এক বিশেষ নিয়ামত,এর দ্বারা: যুদ্ধ হয়,শাস্তি কার্যকর হয়, কৃষি ও নির্মাণ সম্ভব হয়।তিনি বলেন, আল্লাহ কিতাব দ্বারা হৃদয় সংশোধন করেন, আর লোহা দ্বারা সমাজকে শৃঙ্খলাবদ্ধ করেন। এখানে নাযিল শব্দকে তিনি নিয়ামত দান অর্থে নিয়েছেন।

ক্লাসিক্যাল তাফসিরে নাযিল শব্দের অর্থ বিষয়ে আলোচনায় সব প্রধান মুফাসসিরগন একমত । সুরাটিতে থাকা نَزَّلْنَا / أَنزَلْنَا” শব্দটি কেবল ভৌত অবতরণ বোঝায় না, বরং বোঝায়:সৃষ্টি করা,নিয়ামত হিসেবে দান করা মানুষের আয়ত্তে আনা কেউই একে মহাকাশগত উৎসের দাবি হিসেবে ব্যাখ্যা করেননি।

এখন প্রশ্ন আসে তাহলে আধুনিক বিজ্ঞান যেটা বলছে, সেটা কি এই আয়াতের সাথে সাংঘর্ষিক?

উত্তর হল সাংঘর্ষিক নয়, কিন্তু আয়াতের মূল উদ্দেশ্যও নয়।কুরআন এখানে বিজ্ঞান শেখাতে আসেনি, বরং বলছে শক্তি ও ক্ষমতার উৎস আল্লাহ, এবং তা মানুষের জন্য পরীক্ষা। আধুনিক তত্ত্বকে আয়াতের একটি সম্ভাব্য সামঞ্জস্য হিসেবে দেখা যেতে পারে, তবে চূড়ান্ত তাফসির হিসেবে মেনে নেয়ার বিষয়টি বিজ্ঞ তাফসিরকারদের উপরই না হয় ছেড়ে দিলাম ।

শুভেচ্ছা রইল

Sunday, January 18, 2026

চেতনায় সৃষ্টি

সৃষ্টিই ছন্দ। 

সৃষ্টিই চেতনা । 

চেতনার রূপান্তরেই সৃষ্টি ।

সৃষ্টি চেতনার রূপান্তর মাত্র । 

‘সৃষ্টি কোনো অলৌকিক ঘটনা নয়; বরং এক নিরবচ্ছিন্ন রূপান্তর।’ — কিভাবে?

 মেটাফিজিক্স ও স্পিরিটুয়্যালিটির আলোকে যদি ভাবি, সৃষ্টি কি —এই শব্দটি মানবচেতনায় প্রাচীনকাল থেকেই এক রহস্যময়তায় ঘিরে থাকা বিশালতার প্রতীক। 

ধর্ম, পুরাণ, দর্শন ও আধ্যাত্মিক ভাবনায় সৃষ্টি সম্পর্কে বহু বর্ণনা পাওয়া যায়। মানুষের মনে দীর্ঘদিন ধরে একটি ধারণা ছিল — সৃষ্টি মানেই অলৌকিক ঘটনা, হঠাৎ কোথাও থেকে কিছু একটি জন্ম নেওয়া। কিন্তু মেটাফিজিক্স ও স্পিরিটুয়্যালিটির মতানুসারে, সৃষ্টি আসলে কোনো আকস্মিক বা রহস্যময় ঘটনা নয়, বরং এটি অস্তিত্বের নিরবচ্ছিন্ন রূপান্তর, যেখানে প্রকৃতিতে  শক্তি  চেতনারূপে নতুন ভাবে প্রকাশিত হয়। এই নিরবচ্ছিন্ন শক্তির প্রবাহমানতাই চেতনাকে বহন করে। শক্তি চেতনার বাহক। সৃষ্টি হলো চেতনার প্রকাশ । 

চেতনা কি?

মেটাফিজিক্স -এর ধারণা অনুসারে অস্তিত্বের মূল প্রকৃতি হলো চেতনা (consciousness)। চেতনা পরিবর্তিত হয়। চেতনা শক্তির ধারক বলে পরিবাহিত শক্তি চেতনাকে সম্প্রসারিত করে। চেতনা  বিস্তৃতি লাভ করে। তারপর  কোন এক  সময়ে  নতুন রূপ ধারণ করে। চেতনার দ্বারা  আমাদের এই জগৎকে আমরা 3D বা থার্ড ডাইমেনশানে দৃশ্যমান দেখি। এখানে  জীবজগত, আশপাশের গঠন, পায়ের নীচের স্থানটুকু —যেখানে দাঁড়িয়ে এই রিয়্যালিটিকে  দেখছি, সব কিছুরই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। অর্থাৎ এই দৃশ্যমান জগৎ  চেতনারই ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত হয়ে, মানব মনে অবলোকন করার স্পৃহা তৈরি করে, উপলব্ধির সঞ্চার করে। ক্রমে চেতনার রূপান্তরের মধ্য দিয়ে আরো নতুন কিছু প্রকাশিত হয়।  সৃষ্টি বিকশিত হয়। তরঙ্গের আকারে স্পন্দিত হয়। ছন্দের সূচনা করে। মানব মনের ভাবনাগুলো চারিদিকে ব্যাপ্তি লাভ করে। 

অর্থাৎ কোনো কিছু হঠাৎ জন্ম নেয় না। জন্ম হয়েছে তখনই যখন  উৎস (source) বিরাজমান ছিল বা উৎস বিরাজমান আছে। এই বিরাজমানতা থেকেই  সৃষ্টির সূচনা। পরবর্তীতে সৃষ্টি রূপান্তরিত হয়, তথ্যে সমৃদ্ধি লাভ করে। তথ্যগুলো আর কিছুই নয়, এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা ।  ইংরেজীতে বলতে পারি  data accumulation বা তথ্যের সম্ভার। তথ্যের ভাণ্ডারে ভর্তি হয় অভিজ্ঞতার ঝুলি [ চেতনা→ সৃষ্টি → রূপান্তর → অভিজ্ঞতা ]

সৃষ্টি হচ্ছে কম্পনের পরিবর্তন – সংকোচন ও প্রসারণ। যখন চেতনা সংকুচিত থাকে, তখন সৃষ্টিও সীমিত থাকে। কিন্তু যখন চেতনা প্রসারিত হয়, নতুন উপলব্ধি , নতুন অভিজ্ঞতা সংগৃহীত হয়, নতুন সম্ভাবনার জন্ম হয়। এই নতুন সম্ভাবনাই নতুন সৃষ্টি সাধন করে। চেতনার প্রসারণই 'নতুন সৃষ্টি'র মূল চালিকা শক্তি।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী  বা সমাজের চেতনা যখন সীমিত অভিজ্ঞতা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও পুরাতন ধারণায় আবদ্ধ থাকে, তখন সৃষ্টিও সেই সীমার মধ্যেই ঘুরপাক খায়। একই ধরনের চিন্তা, একই ধরনের কর্ম, একই ধরনের ফলাফল দেখে দেখে মানুষ আশাহত হয়ে ভাগ্যকে দোষারোপ করে, কুসংস্কারে আবদ্ধ হয়। কারণ,

•  নতুন অভিজ্ঞতা → চেতনার প্রসারণ 

•  প্রসারিত চেতনা → অভূতপূর্ব সৃষ্টি 

•  সীমিত চেতনা → পুনরাবৃত্তিমূলক সৃষ্টি 

প্যারালাল রিয়্যালিটি কি?

আধ্যাত্মিক দর্শন বলে, সমগ্র বিশ্বই শক্তির স্পন্দন। ছন্দের কম্পন। প্রতিটি প্রাণ, চিন্তা, অনুভূতি — সবকিছুর  মাঝে তার নিজস্ব স্পন্দন অন্তর্নিহিত। কারণ প্রতিটি বিষয়ই শক্তির অনুরণনের বহিঃপ্রকাশ। এই প্রকাশের ব্যাপ্তি  চারিদিকে নতুন রূপে ছড়িয়ে পড়ে।  জন্ম দেয়  নতুন নতুন বাস্তবতার। এ থেকেই প্যারালাল রিয়্যালিটির ধারণা আসে। 

চারিদিক কি?

এই ধারণাটি আসে স্থান বা  স্পেস এর ধারণা থেকে । অর্থাৎ আমাদের  ত্রি –মাত্রিক জগতে (3D রিয়্যালিটিতে) আমরা যে স্থানে দাঁড়িয়ে বাস্তবতাকে  অবলোকন করি সেই উপলব্ধি থেকে অনুভূত ত্রি –মাত্রিক রিয়্যালিটি, আমাদের মস্তিষ্কে ‘দিক’ –এর ধারণা প্রদান করে । উচ্চ মাত্রার রিয়্যালিটিতে (বাস্তবতায়) অর্থাৎ উচ্চ ডাইমেনশানে (5D, 7D…) এই বাস্তবতার রূপ ভিন্ন।   

আমাদের ত্রি –মাত্রিক রিয়্যালিটিতে আমরা দেখি পানি বাষ্পে পরিণত হয়। মাটি থেকে বীজের অঙ্কুরোদগম হয়। পরে (প্রকৃতি দ্বারা প্রভাবিত হয়ে) চারা গাছটি  বৃক্ষে পরিণত হয়। এই তথ্যসমূহ আমাদের  চেতনায় 'অভিজ্ঞতা' যুক্ত করে। আমাদেরকে তথ্যে সমৃদ্ধ করে।    সৃষ্টি যেহেতু পরিবর্তনশীল তাই অভিজ্ঞতা বদলায়।  আবারো নতুন তথ্য সংগৃহিত হয়। নতুন উপলব্ধির সঞ্চার হয়। চেতনার প্রকাশ উন্নত হয়। চেতনার সম্প্রসারণ নতুন 'সৃষ্টি' সম্পাদন করে। এগুলো কোনো অলৌকিকতা নয়; বরং শক্তির অন্তহীন সঞ্চারনের পরিবর্তিত ও বর্ধিত রূপ। 

বাস্তবতার রূপান্তর কি?

স্পিরিটুয়্যালিটির মতাদর্শনে 'Shifting consciousness is the real creation.'  অর্থাৎ  সৃষ্টি মানেই  চেতনার  রূপান্তর। চেতনা বদলালে বাস্তবতার ধরণও বদলায়। চেতনা যখন প্রসারিত হয়,  সৃষ্টি নতুন রূপে সম্প্রসারিত হয়। এটি এমন নয় যে বাস্তবতা স্থির থেকে চেতনা শুধু তাকে দেখার উপায় বদলায়; বরং চেতনার পরিবর্তনের সাথে সাথে বাস্তবতা নিজেই নতুন রূপ ধারণ করে। মানব মন যদি তার চেতনায় ভীত অবস্থায় থাকে, তখন তার চারপাশের বাস্তবতা হুমকি ও বিপদে পূর্ণ মনে হয়। কিন্তু যখন সেই একই মন প্রেম ও আস্থাকে ভর করে অনুরণিত হয়  তখন একই পরিবেশ ও তার চারপাশ নিরাপদ ও সম্ভাবনাময় বলে অনুভূত হয়।  বাহ্যিক জগৎ একই থাকলেও চেতনার পরিবর্তনে বাস্তবতার ধরণ সম্পূর্ণ বদলে যায়।

সৃষ্টি কেন নিরবচ্ছিন্ন?

মেটাফিজিক্স এর মত দর্শনে —'Being is dynamic.' অর্থাৎ অস্তিত্ব স্থির নয়, নিত্য পরিবর্তনশীল। চেতনা বহমান, সদা পরিবর্তনশীল। শারীরিক মৃত্যু হলো চেতনার রূপান্তর, অন্য আরেকটি স্তরে উত্তরণ। যেমন বলি 'উর্ধ্বলোকে গমন', কারণ  সৃষ্টি যেহেতু থামে না সে শুধু রূপ পাল্টায়, সে প্রবাহমান অবস্থায় দেহ ত্যাগের পর এক মাত্রা থেকে অন্য মাত্রায় ভ্রমণ করে। একই সংগে বিভিন্ন স্থানে (location) অবস্থান করতে পারে।  

সৃষ্টিতে  বহুলোকের  ধারণাঃ 

আমাদের জানার ও দেখার  বাইরের ডাইমেনশান-ই পরাবাস্তব জগত, যা অজ্ঞাত বলে অলৌকিক, রহস্যময় ঠেকে। 'লোক লোকান্তর' ধারণা এ থেকেই এসেছে।  কিন্তু আধ্যাত্মিক জ্ঞান যত গভীর হয়, বোঝা যায় সৃষ্টিতে যে রহস্য আছে তা পরাবাস্তব জগতের  উচ্চ  ডাইমেনশান/ মাত্রায় অবস্থিত রিয়্যালিটি যা, মাঝে মাঝে আমাদের চোখে ধরা দেয়। যদিও  বৈজ্ঞানিক ভাবে  পর্যবেক্ষণ  করে প্রমাণ নিয়ে হাজির করার মত অবস্থা এখনো তৈরি হয় নাই। 

সৃষ্টিতে সব ডাইমেনশানে  শক্তির প্রভাবে চেতনার বিকাশ ঘটছে।  সৃষ্টির প্রক্রিয়া আছে যা, নিয়মের উর্ধ্বে নয়। চেতনা অনন্ত রূপান্তরের পথ মাত্র। সমগ্র ব্রহ্মাণ্ডই চেতনার একটি বিশাল প্রবাহ। যখন এই চেতনা নিজেকে নতুন উপায়ে প্রকাশ করতে চায়, তখন নতুন গ্রহ, নতুন জীবন, নতুন বিশ্ব সৃষ্টি হয়।

শেষের কথা, সৃষ্টিতেই চেতনা। আর এই ত্রি-মাত্রিক জগতে সৃষ্টি  —শক্তি ও পদার্থের নিরবচ্ছিন্ন রূপান্তর মাত্র। ব্রহ্মান্ডের চেতনা আছে। চেতনার দ্বারা ব্রহ্মাণ্ড নিজের ভেতরের শক্তিকে বিভিন্ন সজ্জায় বিন্যস্ত করে বিভিন্ন ভাবে প্রকাশ করে। আর আমরা তাকেই “সৃষ্টি” নামে চিনি। সৃষ্টি কখনো অচেনা চমক নয়। এটির  অনন্ত প্রবাহ অস্তিত্বকে প্রতিটি মুহূর্তে টিকিয়ে রাখতে নতুন রূপে প্রকাশিত হয়। এ কোন অলৌকিক বিষয় নয়।  তার রূপান্তরের জটিল ধারাকে আমরা পুরোপুরি দেখতে পাই না, বুঝতে পারি না তাই অলৌকিক মনে হয় । তার বিশালতার তুলনায় আমাদের অস্তিত্ব (existence)  নগণ্য। আমাদের চেতনাই আমাদের অস্তিত্বের মূল প্রকৃতি। কিন্তু চেতনার ক্ষুদ্র অংশ হিসেবে এর বিস্তার হলেই  ‘পরিবর্তনের’ বিবিধ রূপ মাঝে মাঝে অনুধাবন করি। নয় সৃষ্টি যেন এক খেলা।

১৮/০১/২০২৬

Tuesday, January 13, 2026

পিছু ডাক


 শাহান যে দিন কলেজে এলো সেদিন এক অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। কলেজে যেন ডাকাত পড়েছিল। কলেজের আদুভাই তার অত্যাধুনিক অস্ত্রের ঝলকানিতে সারা ক্যাম্পাস আলোকিত করে ফেলেছিল। অগ্নির যে এত স্ফুলিংগ তা ছেলেমেয়েরা কখনো দেখেনি। আর অগ্নির দ্বারা নির্মিত আগ্নেয়াস্ত্রের যে গগনবিদারী শব্দহয় তাও তাদের জানা ছিল না। সাধারণ ছাত্রছাত্রীরা কী ভাবেই বা জানবে? তারা তো পড়াশোনা করতে আসে কলেজে। অস্ত্র নিয়ে খেলা করতে তো নয়।

কিন্তু আদু ভাইয়ের প্রতিবাদও কম গুরুত্ব বহন করত না। তাকে কেন কলেজ কর্তৃপক্ষ পাশ করায় না? ভাইভা-তে শুধু ফেল করিয়ে দেয়।  আর কত বছর কাটাতে হবে এই কলেজে? প্রিন্সিপালকে ভয় দেখাবার জন্য আজ তাই বুম বুম করে কয়েক রাউন্ড চালিয়ে দিয়েছে। ক্যাম্পাসের মাঠ জুড়ে বসে থাকা ছেলে মেয়েরা সেই আলোর ঝলকানি দেখেছে। বুম বুম শব্দে হতবিহ্বল হয়ে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আদু ভাই তার শৌর্য্য বীর্যের উত্তাপ ছড়িয়ে ক্যাম্পাস ত্যাগ করেছে। 

ঘটনাটি আরও স্পষ্ট মনে আছে মনিকার, কারণ সে দিনই তার খালুর বোনের মেয়ে নতুন ভর্তি হয়েছে কলেজে। কথা বলেছে মনিকার সাথে। নাম শাহান। একই শহরে থাকে। কিন্তু তেমন একটা দেখা হয় না। লতানো পাতানো আত্মীয়। চেহারায় চিনে। খালুর বোনের মেয়ে। অনেক ছোটবেলায় একবার এসেছিল মনিকার বাসায়।  মনিকার আম্মার সুন্দর মালাটা ছিঁড়ে ফেলেছিল। ছিঁড়ে ফেলেনি। ছিঁড়ে গিয়েছিল ওর হাতে। সেই দিনটার কথাও মনে আছে। তাই শাহানকে তার কেন যেন একটা অলুক্ষণে, অপয়া গোছের মনে হতো। 

আর আজ? 

কলেজে এলো। প্রথম দিন। আজ আদু ভাইয়ের অস্ত্রের ঝলকানি। আবার সেই অপয়া। 

 কলেজে তার পরের একদিন শাহানকে একটা সুন্দর, আধুনিক, স্মার্ট ছেলে বন্ধু জোগাড় করে ফেলেছে দেখে বেশ অবাক হল মণিকা। তার পরের সপ্তাহে দেখল শাহান তার মাকে এনে নতুন ছেলে - বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। শাহানের মা তো ছোট খালুর বোন। সেই সূত্রে মনিকা মনে করেছিল তাকে ক্যাম্পাসে দেখলে চিনবে। মণিকা কাছে গিয়ে দাঁড়াল। কিন্তু খালা তো আর চিনেই না। তাতে মণিকার বদ্ধমূল ধারণা হলো, খালা বোধহয়  এই কয়েক বছরের ব্যবধানে ছোট্ট মনিকার চেহারাই ভুলে গেছে। যেতেই পারে। মনিকা দশ থেকে এখন বিশ বছরের তরুণী। খালা চিনবেই বা কী ভাবে? কিন্তু খালার পাশে দাঁড়ান শাহানও যে চিনে না। তারা বেশ ব্যস্ত। কারণ তার নতুন পরিচিত ছেলেটি এখন তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু। 

সময়ের সাথে সাথে আগ্রহ, প্রয়োজন পাল্টায়। লতানো পাতানো আত্মীয়দের আগ্রহ আর কতই বা প্রবল হবে তার প্রতি? নাকি ফ্যামিলি প্যাটার্নটাই এরকম? 

শাহানের বড় বোন ড্যাবড্যাব চোখের। নাম ড্যাবড্যাবি আপা। আপা তো সেদিন পিছন থেকে ডেকে ভাইভা বোর্ডের গিজগিজে বারান্দায় দাঁড়ানো হাজারো ছেলেমেয়ের ভিড়ে মণিকাকে চিনে তার সাথে কথা বলেছিল।

- অ্যাই  কেমন আছো?

- আজ তোমাদের ভাইবা?

কত হাসিমুখ! 

পরের দিন? ক্যান্টিনে দেখা হলে ড্যাবডেবি আপা তো আর চিনে না। মণিকা এসব ব্যবহারের সাথে পরিচিত ছিল না। ইগ্নোর করা, মানে উপেক্ষা করা, তাও আবার নাকের ডগার উপরে - কীভাবে করতে হয় জানত না। শিখেছে এসব।এদের কাছ থেকে,  বাইরের পৃথিবীতে এসে। কলেজে ভর্তি হওয়ার পরে।  বাইরের পৃথিবী দেখে  বাজে কথা, বাজে আচরণ সবকিছু জেনেছে।

শাহান একবার ডিপার্টমেন্টের বারান্দায় মণিকাকে আসতে দেখে পৃষ্ঠদেশ প্রদর্শন করেছিল। তখন শাহান অনার্স পাস করেছে। একটু বড় হয়েছে। বেশ কয়েক বছর যাবত ক্যাম্পাসে থাকে। তাই কাজটা না বুঝে করেছে এমন তো নয়। মনিকার এতে বেশ উপকার হয়েছিল। কী ভাবে মানুষকে উপেক্ষা করতে হলে পাছা প্রদর্শন করতে হয়, তা তৎক্ষণাৎ শিখে গিয়েছিল। এ সব তো আর বই খাতায় লেখা থাকে না। মানুষকে দেখে শিখতে হয়। 

আরও কয়েকদিন পর। মণিকাকে দেখে শাহানের কী যেন মনে হয়েছিল। বড় মায়া জেগে ছিল বোধহয় মণিকার কোনো কথা শুনে, বা তার কোন দুঃখের কাহিনি শুনে। দ্রুত এগিয়ে এসে ডাক দিয়ে কথা বলার চেষ্টা করেছিল। মনিকা দ্রুত হেঁটে সেই স্থান ত্যাগ করেছে। সুপারভাইজারকে দেখিয়ে বলেছে, 'স্যার এসে গেছেন যেতে হবে'। 

শাহান উপেক্ষা করে। উপেক্ষিত হয় না। সেদিন হয়েছিল তাই তাঁর মনোকষ্ট হয়েছিল বড্ড। 

খালুকে জানালে তিনি এসে মণিকাকে জিজ্ঞেস করলেন শাহানের  সাথে দেখা হয় ক্যাম্পাসে? 

মণিকা কি খালুকে,  শাহানের বিরাট পাছার  গল্প করতে পারে? খালু বলে কথা। তাই পারে না।  

পাশ কাটিয়ে উত্তর দেয়, 'হ্যাঁ, দেখেছি তো।'

 শাহানদের বাড়ির পরিবেশ এমনই যে তারা মা বোনেরা সব রকম ব্যবহার তাদের প্রয়োজন মতো করতে পারে। আর আশপাশের সবাই বাধ্য, তাদের পছন্দের মত করে তাদের সামনে নিজেকে পেশ করতে। 

তাই না? তাই তো। 

তাই খালুর পরিবারে এক দাওয়াতে গেলে মণিকাকে দেখে শাহানের  মায়ের সে কী উৎসাহ। এক ঠ্যাং লাফ দিয়ে সামনে এসে পড়ল। তারপর আকর্ণ  হাসি হেসে মনিকাকে জিজ্ঞেস করল, 'আমাকে চেন?’

তার ক্রিমিনাল মন খুব ভালই জানে কোনও এক কালে সে মণিকাকে চিনতে পারেনি। ইচ্ছা করেই কি না, কে জানে। তার থেকে তো ভাল আর কেউ জানে না। তবে  আজ সে তা উসুল করবে, যেমন করেই হোক – প্রয়োজনে মণিকার ঘাড়ে ধরে। মনিকা ঘাড় পাতলো কি পাতলো না, তা  তার বিষয় না। তার সেই এক ঠ্যাং লাফ দিয়ে সামনে এসে পড়লেই তো হল। 

আর যায় কই? 

মণিকা তখন উত্তর দিতে বাধ্য। বাঁচতে তো হবে এই মহিলার হাত থেকে - মুখের ওপর মুখ রেখে ড্যাব ড্যাব করে প্রশ্ন করবে যখন, তখন? 

মনিকা যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে উত্তর দিল, 'জ্বী, চিনি।'  সাথে সাথে দ্বিতীয় কনফারমেশন করে জানতে চাইল, 'তাহলে বলো তো কে?'

খালুর দিকে আঙুল বাড়িয়ে মণিকা বলল, 'ওনার বোন আপনি?'

এবার ক্রুড়  এক হাসি তাঁর মুখে। 

জিতে গেছে সে।

কথা যখন বলতে ইচ্ছে করেনি, বলেনি। চিনতে যখন প্রয়োজন বোধ করেনি, চিনতে পারেনি, চিনেনি। আজ ইচ্ছে হয়েছে কথা বলার, বলেই ছাড়বে। ঘাড়ে পড়ে হোক আর পিছন থেকে ডেকেই হোক। 

পিছু ডাকলে ঘাড় তো ঘোরাতেই হয়। ঘাড় মটকে দিলে আর কি করার থাকে তখন। ইচ্ছা অনিচ্ছা যে শুধু তাদের হাতেই, যারা পিছু ডাকে।


১৩/০১/২০২৬  


Saturday, January 3, 2026

অম্বা যখন ননাস

১

অম্বা মহাভারতের একমাত্র নারী যিনি অন্যায়ের শিকার হয়ে, প্রচন্ডভাবে ব্যক্তিগত প্রতিশোধের আগুনে ধ্বংসাত্মক রূপ ধারণ করেছিলেন। ঠিক এই চরিত্রটির সাথে রত্না তার বড় ননাসের খুব মিল পায়। ননাস যেন অম্বার দ্বিতীয় রূপ। 

স্বামী তাকে রেখে গেছে তার ছোট দেবরের ঘাড়ে। স্বামীটি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার উছিলায় সময় পার করে আর মেয়ে বান্ধবী নিয়ে  ঘুরে বেড়ায়। ননাসটি মনমরা হয়ে পড়ে থাকে। একদিন ননাসের ড্রেসিং টেবিলের দুপাশের রডে কাঁচের চুরির সমারোহ দেখে রত্না তো অবাক! 

বলল, আপা চুড়িগুলো পড়েন না? 

তার দীর্ঘশ্বাস। 

‘কি আর চুড়ি পড়বো?’ 

মানে যার জন্য সাজবে সেই মানুষটি তো নেই। সে যে তাকে অন্যায়ভাবে ফেলে রেখে চলে গেছে।

 রত্না তাকে নির্ভরতার সাহস জোগায়। তার থেকে পনের বছরের বড় চল্লিশোর্ধ  ননাস -অম্বা আত্মবিশ্বাস ফিরে পায়। অম্বা তখন ইংরেজী মিডিয়াম স্কুলে জয়েন করে  টিচার হিসেবে । সুনাম অর্জন করেছিল পরের দিকে। রত্না বলেছিল তার ননাসকে যে, তার সাফল্য তাকে একদিন হেডমিস্ট্রেস বানাবে। সেই কথাগুলো মন্ত্রের মত কাজ করেছে অম্বার মাঝে। 

১৫০০ টাকা বেতনের চাকরি। বেবিট্যাক্সি মেরে মিরপুর থেকে বনানী  আসতো ক্লাস নিতে। তবুও তো নিজের একটা আয়। স্বামীর সরকারি চাকরির বেতন চার হাজার টাকা তুলতে মাসে মাসে যেত স্বামীর অফিস সংলগ্ন ব্যাংকে। একদিন যাবার পথে  বেবিট্যাক্সি  উল্টে অ্যাক্সিডেন্টও করলো অম্বা। হাসপাতাল থাকার খরচ ননাসের স্বামীকে  দিতে দেখেনি । রত্নার শ্বশুরই চালিয়েছে। স্বামীর বেতনের টাকাটা শুধু যে হাতখরচ ছিল তা না, অম্বা  বলতো সে দেবরকে খাওয়ার খরচ, থাকার খরচ দিয়েই তার আট বছরের কন্যাকে নিয়ে ওদের সাথে থাকে। কিন্তু কেন থাকে দেওরের সংসারে?

কারণ বিয়ে হয়ে গেলে মেয়েদের ঠিকানা তো শ্বশুরবাড়ি। 

কিন্তু দেওরের  বাড়ি কিভাবে শ্বশুরবাড়ি হয়? 

হয়। 

ওই যে – শ্বশুর যেখানে থাকে, সেটাই শ্বশুরবাড়ি। 

অম্বার শ্বশুরের নিজস্ব বাড়ি বাসস্থান নেই। তার থাকা তার ছোট ছেলের সাথে। বড় ছেলে গেছে ৪৫ বছর বয়সে বিদেশে পি.এইচ.ডি. করতে। চ্যাংড়া প্রকৃতির অনেক জ্ঞানী এই বড় ছেলেটি তার  বউকে মানে রত্নার ননাসকে পছন্দ করে বিয়ে করেনি ।  তার শ্বশুরের ধুরন্ধর বুদ্ধির চালে পড়ে বিয়েটা হয়ে গিয়েছিল, একরকম জোর করেই বা কে জানে ব্ল্যাক মেইল করে কিনা।রত্নার শ্বশুরের কুটবুদ্ধি আর কথার মারপ্যাচের সাথে তো কেউ পারবে না।  অম্বার সাথে বিবাহের পর  জীবন নিয়ে  মনে হয় লোকটা  ফেড্ আপ। অন্তত রত্নার তাই -ই মনে হয়। 

আফটার অল্ লোকটার  শ্বশুরতো রত্নার ননাসের জন্মদাতা বাবা। এড়ানোর উপায় নাই। 

 কিভাবে অম্বা ননাস হলো সম্পর্কে?

ননাসের একটা ভোলাভালা  ভাই আছে । নাম  আবিদুর । ভোলাভালা কারণ বয়স ত্রিশ হলেও মানসিক বয়স পাঁচ, সাত বছরের শিশুদের মতন।  সেই ছেলেটিই রত্নার স্বামী।  সেই সূত্রে নন্দাই-এর শ্বশুর, রত্নারও শ্বশুরও। আর সেই শ্বশুর কেমন মানুষ, রত্নার তা না চেনার তো কথা নয়। চেনা মানে ধুরন্ধর প্রকৃতির নাকি অন্যরকম তাই বলার চেষ্টা। তবে রত্না ভেবে পায় না, এরকম ধুরন্ধর শ্বশুরের ঘরে ভোলাভালা আবিদ কিভাবে জন্মালো! মানসিক প্রতিবন্ধী একমাত্র পুত্র সন্তান নিয়ে শ্বশুর দিশেহারা। কোন্ অভিশাপের বলে এমন হলো ? 

‘৭১ এর নামকরা রাজাকার ছিল শ্বশুরটি। দেশের দক্ষিণ অঞ্চলে মানুষ মারার কলকাঠি নাড়তো। কিন্তু বলে বেড়াতো, ‘আমি কিছু জানি না। প্রিন্সিপালের বাসার পাশের ভাঙ্গাচোড়া বিল্ডিং -এ যুদ্ধের সময় কি হতো, আমি তা জানিনা।‘ অথচ সে নিজেই ছিল সেই কলেজের প্রিন্সিপাল। 

রত্না তার শ্বশুরের এই উক্তিটি  শুনে সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। যুদ্ধের সময়ে দেশের পিশাচরূপী মানুষগুলো কিভাবে গাদ্দারি করে নিজের দেশেরই মানুষদের হত্যা করেছে, নিজের দেশের মানুষকে নির্যাতন করতে পেরেছে রত্না তা ভেবে পেত না। তার খুব ‘শখ’ ছিল মানুষ মারার যন্ত্রমানব খুনিগুলোকে স্বচক্ষে দেখার। আর আজ সেরকমই এক লোক তার শ্বশুর হয়ে তার পাশে বসে আছে। খাচ্ছে আর খ্যাক খ্যাক করে কাশছে আর যুদ্ধের গল্পে তার সাফসুতরা চেহারার বর্ণনা দিচ্ছে । 

বাস্তবে  মানসিক বিকারগ্রস্ত  এই লোকটা বেঁটে এবং দেখতে ভীষণ কুতসিৎ। তার বড় মেয়েটি মানে অম্বা সামান্য কমবুদ্ধি।  একটু ব্যাক্কল বলেই কিনা – তার  ওপর তার চ্যাঙড়া জামাই খুবই বিরক্ত।

তারপরের মেয়েটি মাঝারী বুদ্ধি নিয়ে জন্মেছে। জটিল হলেও কথায় তা প্রকাশ পায় না। সে ছোট্ট একটি বোবা কন্যা সন্তানের জননী। বাচ্চাটির  চোখের গঠণেও সমস্যা। অন্ধ নয় যদিও। শিশুটি বংশগত  ত্রুটি বহন করছে। শ্বশুরের ভাষ্যমতে বাচ্চাটি জন্মের সময় হাঁটুতে  একটা প্যাচ নিয়ে জন্মেছিল। তাই দৌঁড়াতে পারে না বেশীদুর। স্পেশাল স্কুলে না দিয়ে  ক্যম্ব্রিজ স্কুলে গতানুগতিক বাচ্চাদের সাথে ভর্তি করেছে। তৃতীয় শ্রেনীতে পড়ে। কানে না শুনে বাচ্চা কি আর পড়া ধরবে । সব বিষয়ে শূন্য । কিন্ত  মায়ের তাতে চিন্তা নেই। সে নিজেও সেই স্কুলের শিক্ষিকা, তাই বাচ্চা ভর্তি করাতে তো তার ঝামেলা পোহাতে হচ্ছে না। ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যত আসলেই দেখা যাবে।   

২

রত্না এ পরিবারে এসে   লক্ষ্য করলো  শারিরীক, প্রতিবন্ধকতা পরিবারের সকল সদস্যদের সবারই কম বেশী আছে। ধারণা করা হয় শাশুড়ীর জন্মদাত্রী মায়ের মাধ্যমে এসব রোগবালাই এসেছে। ছেলেমেয়েদের  নানী ছিল হাবাগোবা প্রকৃতির । শ্বশুর একদিন রত্নাকে বেশ গর্ব করেই বলেছিল , তার স্ত্রীর বাবা ব্রিটিশ আমলে  বড় আমলা  ছিল। অনেক সম্মানীয় । সেই ঘরে অনেক বাজার সদাই হতো। খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো। কেউ ছিল না তদারকি করার।  জিজ্ঞেস করলে  সেই আমলা নাকি জবাব দিত, ‘আমার দায়িত্ব সদাই কেনে দেবার । দিলাম। তারপর কি হলো সে খোঁজ আমি রাখি না।‘ 

তার পাঁচ মেয়ে যাদের কম বেশী খুঁত আছে। অনেক যৌতুক দিয়ে অনেক খরচপাতি করে পাঁচ পাঁচটা মেয়েকে পার করেছে। বড় মেয়েটি পড়েছে এই বেঁটে, কুতসিতের  ঘাড়ে ।  এই বড়টা একটু বেশী রকমের  কমবুদ্ধি । ধুরন্ধর শ্বশুর একে নিয়েই তার দাম্পত্য জীবনে আরোও কয়েকটা বিকলাংগ ও মানসিক  প্রতিবন্ধী জন্ম দিয়ে সংসার চালাচ্ছে। যদিও বাইরে দিয়ে বুঝবার উপায় নেই যে ভেতরে  তারা সদরঘাট । রত্নার শাশুড়ি এ দিক দিয়ে পাকা আছে।  ধুরন্ধর স্বামীর  ঘরের ঠেলা সামলে এখন সে অত হাবা নয়।  অনেক পাকা। কোন কথা লুকিয়ে ঢেকে রাখতে হয় সে জানে। অনুষ্ঠানে গেলে ষাঁড়ের মতন ডেকে ডেকে মানুষকে সালাম দিয়ে সালাম আদায় করতে জানে। তাকে কেউ গ্রাহ্য করলো কি করলো না, তাতে কিছু যায় আসে না। মানুষের ঘাড়ের কাছে যেয়ে হলেও সালামের উত্তর সে নিয়েই ছাড়বে।

অনেক চালাক এখন সে।

রত্নার স্বামীর জন্মগত ভাবে শাররীরিক ত্রুটি  কোথা থেকে এসেছে কে জানে। তবে বুদ্ধি প্রতিবন্ধীর বৈশিষ্ট্য এসেছে তার মায়ের দিক থেকে নিঃসন্দেহে।  রত্না ওই বাড়িতে যেয়েই দেখেছে তার শাশুড়ি একটু খোঁড়ায় । কেন খোঁড়ায়? বয়স হয়েছে বলে? নাহ্।

তাদের মেজর- জেনারেল আত্মীয় বলেছে, তার নাকি  পাঁজরের হাড্ডি  একটা কম , তাই হাঁটায় সমস্যা।   রত্না  জানতো স্বামীর পাঁজরের হাড্ডি দিয়ে মেয়েরা সৃষ্টি। তাহলে তো হাড্ডি  শ্বশুরের একটা কম হবার কথা । শাশুড়ির না।

 কিন্তু ৭২ বছরের শ্বশুর ততই জোয়ান। লুঙ্গীর কোণা হাতে ধরে মুখ খিঁচাতে খিঁচাতে তেড়ে মেরে যখন এগিয়ে আসে তখন বেশ তাগড়া  তাগড়া ভাব দেখা দেয়। একটা তাগড়া ষাঁড়।

 কিন্তু ৬৪ বছরের শাশুড়ি   ভীষণই অসুস্থ। যেমন বললাম, শাশুড়ির বাবা ছিলেন সেই বৃটিশ আমলের সরকারি আমলা । তার অপ্রকৃতস্থ  স্ত্রীর গর্ভ  থেকে  জন্ম নেয়া পাঁচ পাঁচটি কন্যার মাঝে এই অথর্ব  বড় মেয়েটিকে বিপুল যৌতুকের বিনিময়ে  হত দরিদ্র ঘরের  ডাক্তার জামাই ধরে বিবাহ দিয়েছে। সেই ডাক্তার জামাই, বিয়েতে খাবার টেবিল, খাট, আলমারি কত কিনা পেয়েছে। রত্নাকে দেখিয়ে দেখিয়ে গল্প করেছে তার শাশুড়ি তার সাথে। বলেছে  বিয়ের সময় কি কি ফার্নিচার নিয়ে এসেছে সে, এই ঘরে। নগদ টাকা কত এনেছে সে টুকু শুধু বলেনি। 

ঐ যে বললাম না, ধুরন্ধর লোকের ঘর করে সেও জানে কোন কথাটা বলতে হয় আর কোন সময় চুপ করে যেতে হয়।  

তার স্বামী  মুক্তিযুদ্ধের সময়  বিকৃত  মানসিকতা প্রয়োগ করে  মানুষ মারার মতো হিংস্র কাজগুলো সম্পন্ন করতো। তার স্ত্রীর সাথেও বিকৃত যৌনাচার করতে গিয়ে একবার তার স্ত্রীর ঠ্যাং  ভেঙে ফেলেছিল। এ কথা অবশ্য রত্নাকে সে বলেনি। কিন্তু পরিবারের মধ্যে তাদের স্বামী স্ত্রীর এই গল্প খুব চাউর ছিল। আবিদুরই রত্নাকে জানিয়েছিল। বলেছিল, ‘জানো আমার আব্বা আমার  আম্মার সাথে সেক্স করতে গিয়ে আম্মার পা ভেঙ্গে দিয়েছিল।‘

৩

তাদের একমাত্র পুত্র তাদের সাত রাজ রাজার ধন হাবাগোবা ছেলেটি  তো এখন রত্নার স্বামী। বিয়ের বাজারে  পাত্র হিসাবে তাদের ছেলের  খুব কদর ছিল। কারণ ছেলের বাবা অগাধ টাকা পয়সার মালিক। এত সম্পত্তি, যে একা এই ছেলে ছাড়া  খাবার কেউ নেই। এসব কথা রত্না তার ঘটকের মারফৎ জেনেছে। ঘটকরা তো একটু  বেশিই বলে। কিন্তু এই ঘটক মানে মল্লিকা আন্টি কি বেশী করে ‘বেশী’ বলে ফেলেছে –কে  জানে । বিয়েটা দিতে মল্লিকা আন্টি মোটা  টাকা হাতিয়ে নিয়েছে কি না তাতে  রত্নার যথেষ্ট সন্দেহ  হয়!

পরিবারে এই  অথর্ব পুত্র জন্ম দিয়ে বাবা মা ভেতরে ভেতরে খুব চিন্তিত। উপর দিয়ে নয়।  ছেলেটি দেখতে   তার মায়ের ধাঁচের। মায়ের বিরাট বপু পায় নি। ছোটখাটো, ফর্সা । গোলগাল ললিপপ চেহারার সারল্য তার মাঝে।  

ঘটকী মল্লিকা আন্টি তো আরো অনেক কিছুই  জানে ছেলে সম্বন্ধে । কিন্তু সব কি আর বলতে পারে? পারে না। ঘটকালি করতে করতে মল্লিকা আন্টি পাকা। জানে কোন কথাটি গোপন রাখতে হবে। তাই সে গোপন রেখেছে বরাবর, রত্নাদের কাছে। কারণ –  চাইলেও  মুখ খুলতে পারবে না। অনেক টাকা  পেয়েছে না ছেলের বাবার তরফ থেকে ? রত্নারা যদিও মল্লিকা আন্টির বেশী কাছের, বেশী চেনা। কিন্তু  ছেলের বাবা  বলেছে, ‘যেমন করে হোক এ বিয়েটা করিয়ে দিতেই হবে।‘ ঘটকী তখন ছেলেদের পক্ষের ফুফু হয় এমন এক মহিলার কাছে গেল। তারা ছেলেদের ৪২ বছরের চেনা।সব খবর জোগাড় করলো। যা না খবর জোগাড় করে দিল, রত্না এসে আবিষ্কার করলো তার  স্বামী প্রবরটি  গুনের দিক দিয়ে  আরো কাঠি উপরে। সে শুধু শারিরীক ভাবেই প্রতিবন্ধী নয়, মানসিক ভাবেও । আবিদুর নিজেই বলেছে তার জন্মের সময় পা উল্টো হয়ে জন্ম নিয়েছিল। 

জ্বীনদের মত ? উলটো পা? তাই রত্নার কাছে তার স্বামীকে ভোলাভালা একটা জ্বীন মনে হতো। 

৪

শ্বশুরের ছোট কন্যা মানে ছোট ননদ সে হয়েছে শ্বশুরের অষ্টকাঠি। শ্বশুরের সকল সন্তানদের খুঁত ছাড়িয়ে,  সমস্ত অপূর্ণতা পূর্ণ করে সে  আরেকটি চতুর দানব হয়ে জন্ম নিয়েছে। তার মায়ের দিকের হাবাগোবা, খোঁড়া ভাবসাব –, এসব ত্রুটির  কোন লক্ষণ তার মাঝে নেই। শারীরিক ভাবে  একদম ফিট।  বাবার মতন তাগড়া জোয়ানী নেই। কিন্তু অসুস্থতা নেই। তার বাবা তার সেই ৭২ বছর বয়সে লুংগির কোণাটা তুলে যখন হাঁটতো মনে হতো কালো ষাঁড় তেড়ে আসছে। ভেতর থেকে  জোয়ানী ছিটকে ছিটকে বের হচ্ছে। ৩০ বছরের ছেলেকে বিয়ে দিয়ে সে যেন আরও জোয়ান হয়ে গেছে।  রত্না তার স্বামীকে বলেছিল, ‘তোমার বাবা যেভাবে তাকায় আর চলাফেরা করে, মনে তো হয় না তার প্রস্টেট অপারেশান হয়েছে! বা বুড়ো হয়েছে।‘

কি আশ্চর্য, রত্নার  ভোলাভালা স্বামীটি তার বাবার কাছে যেয়ে এই সব কথাটুকু  বলে বসলো।  শুনে শ্বশুর মনে মনে বোধহয় লকলক করে উঠেছিল । আর উপর দিকে দিয়ে তার  সে কি রাগ। ছেলেকে বিয়ে দেবার পর তাদের বাবা –ছেলের মাঝে চুক্তি হয়েছিল যে, তারা বন্ধুর মতো সব কথা আলাপ করবে। মানে ছেলে বউয়ের সাথে রাত্রে কি কি করলো সব যখন জানতে চাইবে ছেলে তখন বন্ধুর মতো গল্পে গল্পে সব কথা তাকে জানাবে।

কি সুন্দর  আঁটা বুদ্ধি শ্বশুরের। তার প্রতিবন্ধী ছেলে কাজে কর্মে তার বউয়ের কাছে  পারদর্শীতা দেখাতে পারছে কি না এ নিয়ে তার সন্দেহ থাকাতে সে এই বুদ্ধি এঁটেছে। তাই রেগুলার ছেলে থেকে জেনে কনফার্ম করে নেবে দাম্পত্য জীবনের জন্য তার ছেলে লায়েক হয়েছে কি না । আর ছেলে লায়েক না হলে কি অসুবিধা। সে তো আছেই। তার জোয়ানী আছে। তা দিয়ে  সে  টেক্ –ওভার করবে।   পুত্রবধূ মেয়েলোক, মুখ খুলবে নাকি? 

৫ 

রত্নার ছোট ননদ তার বাবার মতন  ভীষণ ধুরন্ধর। কিন্তু  বিদেশে থাকায় রত্নাকে পিষে ফেলার জন্য তেমন সুযোগ পায় না।  তাতে কি? তার বাবাই তো আছে এ কর্ম সম্পাদনে। ’৭১- এ মানুষ মেরে হাত পাকা। লোকজন কন্ট্রোল করতো বলে তার বলে মেজাজ টা একটু চড়া। তাই গলা প্রায়ই বাড়ির ভেতর  উঁচু হয়ে যায় সেজন্য ।সে রাস্তা থেকে শোনা যায়। দাপটে তাকে ভয় করে চলে সবাই। প্রয়োজনে বয়সে    তিন ভাগের এক ভাগ বয়সের রত্নার মতন ২৪ বছরের  মেয়েকে শাসন করে ‘কন্ট্রোল’ করতে পারবে না আবার? 

৬

অম্বার স্বামী  তাকে ফেলে রেখে  বিদেশে যাবার পর  রত্নার উৎসাহে  সে  স্কুলে জয়েন করায় রত্না খুব গর্ববোধ করেছে। কারণ তার উৎসাহেই তো তার ননাস বাড়ির বাইরের পৃথিবীতে পা রাখতে পেরেছে। । স্বনির্ভর হচ্ছে।  

পরবর্তীতে আরো ৩০ বছর পর ফেসবুক নামে  যে অ্যাপটি চালু হবে এবং সেখানে যে রত্না তার ননাসকে নিয়ে পোস্ট দেখবে, তা কি তখন রত্না জানতো?

 জানতো না। 

কারণ তখন তো অনেক আগের কথা।  ১৯৯৫  সাল। ডেস্কটপ সব বাড়িতে নেই। একজন দু’জন হাতে গোণা ল্যাপটপের মালিক।  অম্বার স্বামী যদিও তার মধ্যে একজন। কাঁধে তার ল্যাপটপ ঝোলানো ব্যাগ দেখিয়ে  আবিদকে আর রত্নাকে বলেছিল, ‘বলতো এটির দাম কত? আবিদতো তো জানে না, রত্নাও বলতে পারেনি। 

ননাসের সেই উড়চুংগা মার্কা স্বামীটা গর্বের সাথে বলেছিল, ‘ল্যাপটপের দাম এক লক্ষ বিশ হাজার  টাকা! 

ও মাগো!  গর্ব করার মতই।

কত দামি একটা যন্ত্র কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোকটা। 

তার পরবর্তী ধাপে ২০০০ সালে এলো মুঠোফোন। দু’ হাজার সাত বা আটে এলো ফেসবুক। আর আজ ২০২৪ সাল। ফেসবুকে রত্না পোস্ট দেখছে।  পোস্টটি ইংরেজি মিডিয়াম স্কুলের এক গ্রুপের। অম্বার মৃত্যু সংবাদ ছাপানো হয়েছে। সেখানে লিখেছে, ‘অম্বা মানুষ হিসাবে  খুব ভালো মানুষ ছিল। কারো সাথে বিবাদে জড়াতো না। চুপচাপ শান্ত নিরীহ প্রকৃতির ছিল।‘ আরো দেখলো, সবাই খুব কন্ডোলেন্স জানাচ্ছে। কিন্তু মহাভারতের অম্বা চরিত্রের মতই ননাস –সম্পর্কের এই নারী কিভাবে  রত্নার জীবনটা নষ্ট করতে তার ধূর্ত বাবার পক্ষ নিয়ে প্রতিশোধের কুটচালে জড়িয়েছিল তা রত্না ছাড়া আর কে জানে?

 রত্নার শ্বশুর চেয়েছিল এমনভাবে রত্নাকে মারবে যেন উঠে দাঁড়াতে না পারে। দৈহিকভাবে আঘাত করে বা লোক লাগিয়ে হাত পা ভেঙ্গে বা প্রাণে মেরে হলেও রত্নাকে সে পিষে ফেলবে। কারণ  পিষতে তার বড্ড ভালো লাগে। ‘৭১ এ হাত পাকা করে এসেছে না?

 কিন্তু কিভাবে জানি শিকার তার হাত থেকে ফসকে গেল।  এখন কি  করা যায়? বুদ্ধি আঁটে তার কনিষ্ঠা কন্যার সাথে। কিন্তু সে তো দেশে নাই আর মধ্যমাটি তো বাবার  মতে ‘খুব অনেস্ট।‘ তাকে দিয়ে অনৈতিক কিছু করানো যাবে না বা কিছু বলে করানোর চেষ্টাও ভুল হবে । তাহলে বাকী রইলো অম্বা। 

৭

মহাভারতে  খল চাতুরীতেও ষড়যন্ত্রকারীনি হিসাবে অম্বাকে  ধূসর চরিত্রের নারী হিসেবে যে ভাবে বর্ণিত করা হয়েছে,  তার সাথে অম্বারূপী  ননাসের ভয়ংকর ষড়যন্ত্রমূলক আচরণ রত্নার জীবনে একটা ধূসর স্থান দখল  করে নিয়েছিল। 

কিভাবে খেলাটা খেলবে অম্বা? 

আজ অম্বা তার বাবাকে খবর এনে দিয়েছে । রত্নার কলেজের শিক্ষক ‘প্রফেসর লিজার্ড’ এর স্ত্রী অম্বার কলিগ।  এ দুজনা এতই সখ্য  যে  অম্বার কথায়, রত্নাকে ডিপার্টমেন্টে অপদস্ত করাতে চাইলে, তাও তার প্রফেসর স্বামীটিকে দিয়ে তার স্ত্রী করাতে পারবে। যদিও তারা স্বামী স্ত্রী একসাথে থাকে না ,আলাদা থাকে।  প্রফেসর এবং তার স্ত্রী  গম্বা একজন আরেকজনের ভীষণ সখ্য – কুট চালে তারা এক কাটঠা্ ।

 রত্নার শ্বশুর যখন জানতে পারলো অম্বার সেই  কলিগের  মাধ্যমে তার ডক্টরেট ডিগ্রীধারী   প্রফেসর স্বামীকে কাজে লাগিয়ে তার আঁটা কু-কাজটি খুব সহজে করানো যাবে, তখন আর যায় কই। প্ল্যান অনুযায়ী যখন লিজার্ড প্রফেসর তার ফণা তুলে  ছোবল মারবে, রত্না ধরাশায়ী হয়ে যাবে – এক্কেবারে  জীবনের নামে। 

বাস্তবে দৈহিক ভাবে রত্নাকে  আক্রমণ যদি করতে না পারে তাহলে এ পথ তো খোলাই আছে। 

ছোবল। 

ছোবল দেওয়াবে।

প্রফেসর, স্বভাবে লিজার্ড না? জিহবা তো লক লক করতেই থাকে । 

 শিকার পেলেই হলো। ফণা তুলে আক্রমণ করবে। 

অম্বা তার বাবার  সাথে পরামর্শ করতে বসে । রত্নার ক্লাস কেজিউল, পরীক্ষার প্রশ্নপত্র সবকিছুর তথ্য এনে দেয়   লিজার্ড প্রফেসরের স্ত্রী গম্ভা ননাসের কাছে । তারা  স্কুলে কাজের ফাঁকে আলাপের ছলে খবর চালাচালি করে। সাথে সাথে খবর চলে যায়  তার মাধ্যমে রত্নার শ্বশুরের কাছে। তারপর  ? যেই কথা সেই কাজ। 

রত্নার শ্বশুর কলেজে চলে গেল লক্ষ টাকা বস্তায় ভরে। আজ লিজার্ড প্রফেসরকে দেবে। বিনিময়ে ষড়যন্ত্রটা এমন হবে যে রত্না পরীক্ষায় ডাব্বা পাবে। 

এই গল্পগুলো রত্না তার ভোলাভালা স্বামী আবিদুরের কাছ থেকেই জেনেছে। 

৮

পরবর্তীতে অম্বার কুকীর্তি তার বিদেশ প্রবাসী স্বামীও জেনেছে। এমনিতেই  শ্বশুরের ধুরন্ধরপনা  আর শ্বশুর -কন্যা অম্বার হাবাগোবা আচরণ,   তাকে বিপর্যস্ত করে তুলেছিল। তাই অম্বা থেকে তার এই দূরে থাকা কিনা রত্না জানে না। আঁচ করে শুধু। লোকটা ৪৫ বছর বয়স হলেও ব্যক্তিত্বের দিক দিয়ে চ্যাংড়া ছেলেদের মতন ছিল। রত্না যে কয়েকবার, অম্বার স্বামীকে দেখেছে, তার মনে হয়েছে লোকটা অম্বাকে নিয়ে ফেড্ আপ।

তার ওপর  সেই শ্বশুরের একমাত্র ছেলেটির মানসিক প্রতিবন্ধকতা অম্বার স্বামীটিকে  সমাজে আরো নীচু তে নামাতো কি না, তাই বা কে জানে। আবিদুর তো তার বউয়ের ছোট ভাই। সম্পর্কে তো  তার শালা।  তার সরল সোজা হাবাগোবা শালার কথা তো ‘তার’ বাড়ির সকলের জানা। আর এই শালাটা জুটেছে  তার বড় বোন অম্বাকে  স্ত্রীরূপে গ্রহন করার ফলেই তো।পরবর্তীতে অম্বার গর্ভে একটা  টেরা চোখের, ঘোর কৃষ্ণ বর্ণের কন্যা সন্তানের  জন্মও তো লোকটার জন্য সে কি এক যন্ত্রণা!

৯

অম্বার মৃত্যু সংবাদ  জানতে পেরে দীর্ঘ ২৫ বছর পর রত্না ওয়েবে সার্চ শুরু করল। অম্বার সেই আট বছরের কন্যা এখন মধ্য বয়সী মহিলা। মা হারিয়ে কন্যাটি বিপর্যস্ত। একাই মনে হয় জীবন চলছে তার। কিন্তু তার মা হারানোর মত কষ্টের সময়ে কোথাও তার বাবার কথা সে  উল্লেখ করেনি। সর্বত্র সে তার মায়ের, অকাল বয়সের অসুস্থ ও পঙ্গু অবস্থার বহু তথ্য দিয়েছে। অথচ তার মায়ের পাশে তার বাবার কোন কথা  উল্লেখ নেই। 

মহাভারতের অম্বা অন্যায়ের শিকার হয়েছিল। রত্নার ননাসরূপী অম্বাও অন্যায়ের এবং অবহেলার শিকার হয়েছিল তার স্বামী দ্বারা। ননাসের বুদ্ধির সরলতা, নাকি বেশি ভালোমানুষী দেখিয়ে  তার শ্বশুর আর দেবরদের সাথে অম্বার মানিয়ে চলার ক্ষমতা – কোনটা, যা তার স্বামীকে তার প্রতি আকৃষ্ট করতে পারেনি?  তা অম্বাই একমাত্র ভালো জানে। 

রত্না কিভাবে জানবে? 

রত্না তো ধূর্ত শ্বশুরবাড়ির হাত থেকে প্রাণটা নিয়ে কোনভাবে সরে পড়তে পেরেছিল তখন। না হলে তো প্রাণটা হারিয়ে কবরের সাত হাত মাটির নিচে বসে থাকতে হতো। তখন সেই প্রতিশোধকামী অম্বার কুটচালের বাস্তব সঞ্চালন দেখার কোন সুযোগই রত্না আর পেত না। 

বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলে রাখা ভালো, সবাই ভাবতে পারে এসবের মাঝে আবিদুরের, তার স্ত্রী রত্নার প্রতি ভূমিকা কি ছিল? 

রত্না ঐ বাড়িতে যাবার পর বিয়ের কিছুদিনের মধ্যে  আবিষ্কার করে তার স্বামী প্রবরটি হ্যালুসিনেশানে আক্রান্ত। ঘুমের ঘোরে ভুত দেখে। মৃগীরোগও আছে।  শারিরীক ভাবে বিকলাংগ ও  মানসিক ভাবে প্রতিবন্ধী বলেই নিস্পাপ চেহারা ও সরল মন নিয়ে বাবা মায়ের তুচ্ছ তাচ্ছিল্যে সে তার বাড়িতে বড় হয়েছে। রত্না আসার পর তার কাছেই আশ্রয় পেয়েছে,  সকল নির্ভরতা পেয়েছে।  

ললিপপ চেহারা নিয়ে ললিপপ খেতে সে ভীষণ পছন্দ করতো।  এই  তিন দশক ধরে সে ললিপপই খেয়ে যাচ্ছে।  সময়ের স্রোতে তার ধূর্ত বাবা, অম্বার কিছু সময় আগে গত হয়েছে। রেখে গেছে অগাধ টাকা। আর অগাধ  সম্পত্তি। আবিদুর আর অম্বার ১৪ গুষ্টি ছাড়িয়ে ১৫ গুষ্টি এখন আরামে খেয়ে পড়ে চলে যেতে পারবে।

২৮/১১/২০২৫

এডিটেডঃ ১/১/২০২৬

আরো গল্প -

স্টিকি ওরফে কাঠি বেগম

কাঠির কোপ

বাবা ছেলের এক রা

আঁচিল

ছদ্মবেশী

Lizard Professor 2 of 2


গল্প- জ্যাকেট সমাচার

তুমি কি এখন ঘুমাবা? হ্যা  বাইরে যাচ্ছে না তাহলে? না।  কেন? তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা? হ্যা দিব। কি করবে? আমারটার সাথে মেশিনে দ...