সময়ের সাথে সাথে সভ্যতার বিবর্তন ঘটে আর রূপান্তর ঘটে প্রকাশের অর্থাৎ ভাষার। মনের ভাবপ্রকাশের মাধ্যম হলো ভাষা। সুতরাং ভাষার বিবর্তন বলতে বুঝতে হবে ভাব প্রকাশেরও বিবর্তন যা কালক্রমে নিয়ে এসেছে জটিল থেকে সহজ সাবলীল প্রকাশভঙ্গীর উপস্থাপন। ভাষার ব্যবহার যত সাবলীল, তা মানুষের কাছে ততই গ্রহনযোগ্য। এই সাবলীলতার ব্যাপ্তি ঘটে তখনই যখন ভাষার শব্দভান্ডার হয়ে উঠে সমৃদ্ধশালী। শব্দভান্ডারের প্রসার বিস্তৃত হয় যদি কিনা একটি ভাষা তার উৎপত্তি সময়কালের গন্ডী পেরিয়ে নতুন রূপ লাভ করে।
বিদ্যাসাগর, সঞ্জীবচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ হয়ে নজরুল, জসীমুদ্দিন বা শরৎচন্দ্রের হাত ধরে কল্লোল যুগের পরিশোধনাগার থেকে যে ভাষা আমরা পেয়েছি তা আরও সাবলীল ও সহজবোধ্য হয়েছে। এর জন্য প্রয়োজন হয় একটি ভাষার সাথে অপর একটি ভাষার আদান প্রদান। তার মানে এই নয় যে নিজের ভাষার শব্দসমূহ বাদ দিয়ে শুধু অপর ভাষার শব্দসমূহকে স্বাগত জানানো। বরং অন্য একটি সমৃদ্ধ ভাষার শব্দগুলো বা তার শব্দার্থ বা সেই ভাষার ভাবার্থ প্রয়োগের কৌশলগুলো নিজের ভাষায় অন্তর্ভুক্ত করে নিজস্ব ভাষায় বহুমাত্রিক শব্দশৈলীর উপস্থাপন ঘটানো। যে এতে যত বেশী পারঙ্গম হবেন, তার ভাষাও হবে তত শ্রুতিমধুর। আর এই শ্রুতিমধুরতা বৃদ্ধির জন্য প্রয়োজন নিজ ভাষার ওপর যথাযথ জ্ঞান, পাশাপাশি অন্য ভাষাকে জানা এবং তা থেকে সুন্দরতম শব্দ ও ভাবার্থ প্রয়োগের কৌশলগত জ্ঞান লব্ধ করা। ফরাসী, জার্মান, রুশ বা যেকোন ভাষায় যদি বাংলা সাহিত্যের চর্চাকে ব্যাপকভাবে তুলে ধরা যায়, তাহলে দেখা যাবে বাংলাভাষার ছন্দময় শব্দশৈলীর প্রয়োগ উক্ত বিদেশী ভাষাগুলোকে আকৃষ্ট করেছে। কালক্রমে ঐসকল ভাষার মাঝেও বাংলা লেখনীর স্টাইল খুঁজে পাওয়া যাবে। ঠিক উলটোটিও ঘটতে পারে বাংলা ভাষার ক্ষেত্রে। এমনিতেই বাঙ্গলা ভাষা বিভিন্ন ভাষার প্রভাবধ্বনীত্বে উর্বর।
ভাষার বিবর্তন অপ্রতিরোধ্য। সাহিত্য চর্চার মাধ্যমে ভাষার অনুশীলন সময়ের প্রয়োজনে হয় অপরিহার্য। অনুশীলনে যদি ছেদ পড়ে তখন আবির্ভাব ঘটে স্থবিরতার। সাহিত্য ও সংস্কৃতি বিকাশে স্থবিরতা ভাষার গতিশীলতাকে রুদ্ধ করে দেয়। সে কারণেই আজ সবিনয়ে এই আশাই ব্যক্ত করি যেন, স্থবিরতার দোষে আড়ষ্ট না হয়ে ভাষার ব্যবহারে পরিশীলিত ও সংবেদনশীল হয়ে সবাই নিদ্রোত্থিত হয়ে ওঠে। সবাই হোক ভাষা চর্চায় শক্তিশালী, শব্দের খেলায় সমৃদ্ধিশালী, অধিক গতিময়, তারও চেয়ে অধিক ছন্দময়।
৩১ শে অগাস্ট, ২০০৭
